

খোন্দকার জিল্লুর রহমান :
বি: দ্র: – আজ ২৬ জুলাই ২০২৫ আমার প্রয়াত
সহধর্মিণীর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে..
তোমায় পেয়েই ধন্য হলাম
জীবন নতুন করে,
সুখ পাখিটা হাতেই ছিল
তোমার আমার তরে।
তোমার আমার চলছে সময়
সূর্য চাঁদের খেলা,
ভাসিয়ে দিলাম জীবন তরী
সন্ধ্যে সকাল বেলা।
যাবেই যদি বললে আমায়
কেন বারে বারে,
আমায় রেখে চলেই গেলে
সীমান্তের ওই পারে।

আজকে যখন একা একা
ভাবছি তোমার কথা,
জানিয়ে দিল সবাই আমায়
এটাই নাকি প্রথা।
প্রথম যেদিন তোমায় আমি
এনেছিলাম ঘরে,
চোখ রেখেছি তোমার চোখে
আমার দুচোখ ভরে।
আজকে যখন যাবার বেলায়
বলব কেমন করে,
রেখে এলাম তোমায় আমি
দরজা বিহীন ঘরে…!!!


















