নতুনত্বের অগ্রযাত্রায় যমুনা লাইফ ইনসিওরেন্স

অর্থনীতির ৩০ দিন সংবাদ :
নতুনত্বের অগ্রযাত্রায় নতুন সূচনা করেত যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পািনটির মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অজিত চন্দ্র আইচ দায়িত্ব গ্রহণের পর ০৩ নভেম্বর ২০২৫ তারিখে মাঠপর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তা ও সিনিয়র প্রশাসন কর্মকর্তাদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সভায় তাঁর দায়িত্ব গ্রহণ পরবর্তী প্রথম আনুষ্ঠানিক দিকনির্দেশনা উপস্থাপিত হয়, যেখানে কোম্পানির সার্বিক কার্যক্রম আরও সুসংগঠিত ও যুগোপযোগীভাবে এগিয়ে নেওয়ার বিভিন্ন পরিকল্পনা তুলে ধরা হয়।
সভায় প্রধান নির্বাহী কর্মকর্তার পাশাপাশি উপস্থিত ছিলেন কোম্পানির সম্মানিত পরিচালক মোঃ মাইদুল ইসলাম এবং সম্মানিত নিরপেক্ষ পরিচালক আনন্দ চন্দ্র নাহা। তাঁরা নতুন নেতৃত্বের প্রতি আস্থা ব্যক্ত করে বলেন, যমুনা লাইফ ইনসিওরেন্সের বর্তমান কাঠামোকে আরও শক্তিশালী, গতিশীল ও ফলপ্রসূ করে তুলতে এ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁদের মতে, সঠিক পরিকল্পনা, স্বচ্ছ ব্যবস্থাপনা ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে কোম্পানির ব্যবসায়িক সাফল্য আরও সুদৃঢ় হবে।
অজিত চন্দ্র আইচ তাঁর বক্তব্যে নতুন-পুরাতন সকল কর্মকর্তা-কর্মচারীর ঐক্য ও সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “যমুনা লাইফ একটি পরিবার, এই পরিবারে সবাই সমান গুরুত্বপূর্ণ। নতুন হোক বা পুরাতন—প্রতিটি সদস্যের অভিজ্ঞতা, শ্রম ও নিষ্ঠাই আমাদের মূল শক্তি। সেই শক্তিকে একসাথে কাজে লাগাতেই আমাদের লক্ষ্য।” তিনি আরও উল্লেখ করেন যে কোম্পানির অগ্রগতির জন্য প্রয়োজন সমন্বিত পরিকল্পনা, আন্তরিকতা এবং সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ, যা বাস্তবায়নে তিনি সকলকে একসাথে কাঁধ মিলিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।
সভায় উপস্থিত সকল কর্মকর্তা নতুন নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করে কোম্পানির সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। মাঠপর্যায়ের কর্মকর্তারা জানান, নতুন চিন্তা, নতুন দিকনির্দেশনা এবং নেতৃত্বের ইতিবাচক মনোভাব তাদেরকে আরও অনুপ্রাণিত করেছে। তারা প্রতিশ্রুতি দেন যে কোম্পানির ব্যবসা সম্প্রসারণ, সেবার মান উন্নয়ন এবং গ্রাহকের বিশ্বাস অটুট রাখতে তারা সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবেন।
সভায় এও উল্লেখ করা হয় যে যমুনা লাইফ ইনসিওরেন্স দীর্ঘদিন ধরে দেশের বীমা খাতে একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে কাজ করছে। এই অবস্থানকে আরও শক্তিশালী করতে প্রয়োজন সংগঠনের প্রতিটি স্তরে একতা, দায়িত্বশীলতা এবং প্রগতিশীল মনোভাব। নতুন নেতৃত্বের আওতায় এসব গুণাবলী আরও সুসংহত হবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।
নতুন ও পুরাতন কর্মকর্তাদের মিলিত প্রতিজ্ঞা “একসাথে কাঁধ মিলিয়ে যমুনা লাইফ ইনসিওরেন্সকে সামনে এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য।” এই সম্মিলিত অঙ্গীকারই কোম্পানির আগামী দিনের সাফল্যের মূল চালিকাশক্তি হয়ে উঠবে বলে সবাই বিশ্বাস করেন।