ভারতীয় কসমস ব্যাংকে ১ কোটি ৩৫ লাখ ডলার হ্যাক করে লুট

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
ভারতের বেসরকারি কসমস ব্যাংকের সার্ভার হ্যাক করে ১ কোটি ৩৫ লাখ ডলার লুট করা হয়েছে। চলতি সপ্তাহের মঙ্গলবার এই হামলার শিকার হয় ব্যাংকটি। তবে বিশ্বব্যাপী এই ধরণের সাইবার হামলা চালিয়ে হ্যাকারদের অর্থ লুট করবার পরিকল্পনা সম্পর্কে কিছুদিন আগেই এক সতর্কতাজারি করেছিলো মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। সংস্থাটির জারি করা সতর্কতায় বলা হয়, ভারতসহ ২৮ টি দেশের এটিএম সার্ভার হ্যাক করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেবার চেষ্টায় লিপ্ত একটি আন্তর্জাতিক হ্যাকার চক্র। এরপরেই মঙ্গলবার ভারতীয় কসমস ব্যাংকে এই হামলার ঘটনা ঘটে।
হামলার পর কসমস ব্যাংকের এক বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার সাইবার হামলা হবার কয়েক মিনিটের মধ্যেই তাদের এটিএম নেটওয়ার্ক থেকে ১ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার হাওয়া হয়ে যায়। ব্যাংকটির চেয়ারম্যান মিলিন্দ কালে জানান, হ্যাকাররা ব্যাংকটির অনলাইন ক্যাশআউট সার্ভিস সারভারে ভুয়া ডেবিট কার্ডের নাম্বার ব্যবহার করে এই পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে।তবে, ব্যাংকটির অন্যান্য গ্রাহকদের হিসাবগুলি এই হামলা থেকে সুরক্ষিত রয়েছে বলেও জানান তিনি। এদিকে এই ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে দুদিনের জন্য অনলাইন ব্যাংকিং কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তের কথাও জানান মিলিন্দ। আনাদলু নিউজ