অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
সম্প্রতি রাজধানীর আর্মি গলফ ক্লাবে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন (ইউপিজিডি) কোম্পানি লিমিটেডের ১১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। পর্ষদ চেয়ারম্যান জেনারেল মো. আবদুল মুবিনের (অব.) সভাপতিত্বে অনুষ্ঠিত এজিএমে অন্যান্য এজেন্ডার পাশাপাশি ২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ৯০ শতাংশ নগদ ও ২০ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেন বিদ্যুত্ খাতের তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।
সভায় অংশ নেয়া সাধারণ শেয়ারহোল্ডাররা কোম্পানির ব্যবসায়িক পারফরম্যান্স ও প্রদত্ত লভ্যাংশে সন্তোষ প্রকাশ করে এর ধারাবাহিকতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় কোম্পানির পর্ষদ সদস্যরা জানান, বিদ্যুত্ খাতের প্রথম তালিকাভুক্ত কোম্পানি হিসেবে ১ বিলিয়ন ডলারের বাজার মূলধন অর্জন করেছে ইউপিজিডি। অস্থিতিশীল বাজার পরিস্থিতিতেও শেয়ারদর বৃদ্ধির বিষয়টি কোম্পানির শক্তিশালী আর্থিক ভিত্তির প্রতিফলন। গেল হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ টাকা ৫১ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৪০ টাকা ৮০ পয়সা। এক বছরে কোম্পানির নিট মুনাফা ১০ শতাংশ বেড়ে প্রায় ৪৬০ কোটি টাকায় উন্নীত হয়েছে। আলোচ্য হিসাব বছরে ঋণমুক্ত এ কোম্পানির নিট পরিচালন নগদপ্রবাহ ছিল ৪৩১ কোটি ৪০ লাখ টাকা। কোম্পানির গ্রস মার্জিন ছিল ৬৮ দশমিক ৬৬।
এজিএমে কোম্পানির চেয়ারম্যান আরো জানান, গ্রুপের বিদ্যুত্ ব্যবসার কার্যক্রম নিবিড়ভাবে পরিচালনার জন্য একটি হোল্ডিং কোম্পানি গড়ে তোলা হচ্ছে। এর অংশ হিসেবে ইউনাইটেড এনার্জি লিমিটেডের নামে থাকা ইউপিজিডির ৯০ শতাংশ শেয়ার গ্রুপের আরেক কোম্পানি ইউনাইটেড ময়মনসিংহ পাওয়ার লিমিটেডের অনুকূলে স্থানান্তর করা হয়েছে, যা পুঁজিবাজার নিয়ন্ত্রকদের অনুমোদন পেয়েছে। সভায় যোগ্য পরিচালকদের পুনর্নিয়োগের পাশাপাশি স্বতন্ত্র পরিচালক হিসেবে ড. মোহাম্মদ ফওজুল কবিরের নিয়োগও অনুমোদন করেন শেয়ারহোল্ডাররা।












