অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
পপুলার লাইফ প্রভিডেন্ট ফান্ডের উদ্যোগে একটি বেমেয়াদি মিউচুয়াল ফান্ড চালুর পদক্ষেপ নিয়েছে ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট। ফান্ডের সম্পদ ব্যবস্থাপনায় থাকবে তারা। ট্রাস্টির দায়িত্ব নিয়েছে সরকারের বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। সোমবার আইসিবির বোর্ড রুমে ‘ক্যাপিটেক পপুলার লাইফ পিএফ ইউনিট ফান্ড’-এর ট্রাস্ট দলিল সই হয়। এ সময় আইসিবির ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক, জেনারেল ম্যানেজার দীপিকা ভট্টাচার্য, ডেপুটি জেনারেল ম্যানেজার মো. তালেব হোসেন, পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের চেয়ারম্যান বিএম ইউসুফ আলী, ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্টের প্রতিষ্ঠাতা হাসান রহমান, ব্যবস্থাপনা পরিচালক এম মাহফুজুর রহমান এবং হেড অব অপারেশন প্রসেনজিত্ সাহাসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন। এ ফান্ড দেশে মিউচুয়াল ফান্ড খাতের উন্নয়নের পাশাপাশি পুঁজিবাজার গতিশীল করতে সহায়ক হবে বলে অনুষ্ঠানে আশা প্রকাশ করেন বক্তারা।










