
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
গণ আন্দোলনে ক্ষমতাচ্ছুত হওয়ার চাইতে নির্বাচনে পরাজিত হওয়া গৌরবের বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মুসলিম লীগ নেতৃবৃন্দ। ১৫ ডিসেম্বর,২০২২ বাদ যোহর দলীয় প্রধান কার্যালয়ে নির্বাহী সভাপতি আবদুল আজিজ হাওলাদারের সভাপতিত্বে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে দলীয় নেতৃবৃন্দ বলেন সভায় আরও উপস্থিত ছিলেন, দলীয় মহাসচিব কাজী আবুল খায়ের, স্থায়ী কমিটির সদস্য আতিকুল ইসলাম ও আনোয়ার হোসেন আবুড়ী, সহসভাপতি নজরুল ইসলাম ও এড. আফতাব হোসেন মোল্লা, অতিরিক্ত মহাসচিব আকবর হোসেন পাঠান ও কাজী এ.এ কাফী, কেন্দ্রীয় নেতা ব্যারিষ্টার শফিকুর রহমান, মোঃ আনছার আলী, খোন্দকার জিয়াউদ্দিন, মামুনুর রশীদ, আব্দুল আলিম প্রমুখ।
নেতবৃন্দ আরও বলেন, বিরোধী দলের কার্যালয়ে প্রবেশ করে প্রশাসনিক অভিযান, বিনা কারণে শীর্ষ নেতা সহ দলীয় নেতা-কর্মীদের আটক ও সমাবেশ করতে বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি করে একদিকে বিজয়ের মাসকে কলঙ্কিত করা হয়েছে অপরদিকে রাজনৈতিক সংকট শান্তিপূর্ণভাবে সমাধানের শেষ দরজাটি বন্ধ করে দেয়া হয়েছে। গণতন্ত্র ও মানবাধিকারের ধারাবাহিক অনুপস্থিতির কারণে ত্রিশ লক্ষ শহীদের রক্তে অর্জিত দেশের মর্যাদা আন্তর্জাতিক বিশ্বে আজ ভূলুণ্ঠিত। জাতিসংঘ এবং পনেরটি বন্ধু রাষ্ট্রের যৌথ বিবৃতির মাধ্যমে দেশের রাজনীতি, নির্বাচন ও মানবাধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ বিশ্ব দরবারে দেশকে আসামীর কাঠগড়ায় দাড় করিয়ে দিয়েছে। নেতৃবৃন্দ বিএনপির শীর্ষ নেতা মীর্জা ফখরুল ইসলাম আলমগীর ও মীর্জা আব্বাসের মুক্তি দাবী করে ক্ষমতাসীনদেরকে চরম ভরাডুবি থেকে রক্ষা পেতে সংঘাতের রাজনীতি পরিহার করে গণতন্ত্রের মহাসড়কে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। সভা শেষে মহান বিজয় দিবস উপলক্ষে দেশ ও জাতির কল্যাণ কামনায় এবং মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।












