অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
দেশে প্রথমবারের মতো চীনের ইউনিয়ন পে ইন্টারন্যাশনালের কার্ড সেবা নিয়ে এল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) লিমিটেড। এর মাধ্যমে বিশ্বের যেকোনো দেশে ইস্যুকৃত ইউনিয়ন পে কার্ড দিয়ে এমটিবির এটিএম বুথ থেকে টাকা উত্তোলন ও সেল সেন্টারের বিল পরিশোধ করা যাবে। একই সঙ্গে কিউআর কোড পেমেন্ট, ডিজিটাল ওয়ালেট ও ভার্চুয়াল কার্ডের মাধ্যমে এমটিবি গ্রাহকরা ইউনিয়ন পে ইন্টারন্যাশনালের সেবা পাবেন। ডেবিট ও ক্রেডিট কার্ড সঙ্গে না রেখে বরং মোবাইলে কিউআর কোডের মাধ্যমে এ কার্ডে লেনদেন করা যাবে।
রাজধানীর বাংলামোটরে এমটিবি ভবনে নতুন এ সেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ইউনিয়ন পে ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী চাই জিয়ানবো, এমটিবির চেয়ারম্যান মো. হেদায়েত উল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান বক্তব্য রাখেন। মো. হেদায়েত উল্লাহ বলেন, বাংলাদেশে কয়েক বছর ধরে সফটওয়্যারভিত্তিক ভার্চুয়াল ব্যবসা সম্প্রসারিত হচ্ছে। আমরা আশা করছি, শিগগিরই ইউনিয়ন পে দেশে জনপ্রিয়তা পাবে। ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান বলেন, ১০ বছর ধরে আমি এ ব্যাংকের শীর্ষ নির্বাহীর দায়িত্ব পালন করছি। এর মধ্যে আজকের দিনটিই আমার জন্য সবচেয়ে আনন্দের। বাংলাদেশে ইউনিয়ন পে ইন্টারন্যাশনালের কার্ড সেবা চালুর মাধ্যমে একটি স্বপ্নের বাস্তবায়ন হলো।
এমটিবির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী, ভাইস চেয়ারম্যান খাজা নারগিস হোসেন, সাবেক চেয়ারম্যান রাশেদ এ চৌধুরী, এমএ রউফ জেপি, উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রফিকুল হক, ইউনিয়ন পে হংকং অফিসের ব্যবস্থাপক লিউ হেং, দক্ষিণ এশিয়ার প্রজেক্ট ম্যানেজার জাহাং জিহং, নেপাল ও বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াং রেনজি, ইস্টার্ন জয়েন্ট রিজিওনাল ডিরেক্টর ভিপি সের্গেই পুতেনিখিন, রাশিয়ার কম্পাস প্লাসের রিজিওনাল সেলস ম্যানেজার ইগর সিমনভ প্রমুখ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।












