ব্যাংক নিরীক্ষায় নিয়োগ হচ্ছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান,কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ নির্দেশনা জারি

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
বিশেষ বিধানে সমন্বিত নিরীক্ষার সংজ্ঞা হিসেবে বলা হয়েছে, এর মাধ্যমে ঝুঁকিভিত্তিক বিস্তারিত নিরীক্ষা করা হবে, যার মধ্যে থাকবে সম্পদের মান পর্যালোচনা, করপোরেট সুশাসন পরিস্থিতি পর্যালোচনা এবং ব্যাংকের নীতি, পদ্ধতি, প্রক্রিয়া এবং আইন ও নিয়ন্ত্রণমূলক বিধিবিধানের পরিপালন বিষয়ে পর্যালোচনা। বিধান জারি করার কারণ সম্পর্কে বলা হয়েছে, নিয়ন্ত্রনমূলক বিভিন্ন ব্যবস্থা থাকা সত্ত্বেও দেশের বেশ কিছু ব্যাংক বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলা করছে। বিশেষ করে সম্পদের মান, করপোরেট সুশাসন, নীতিমালা এবং আইন ও বিধিবিধানের পরিপালনের ক্ষেত্রে এই চ্যালেঞ্জ রয়েছে। ফলে ব্যাংকিং ব্যবস্থার ওপর সাধারণভাবে মানুষের আস্থা ও বিশ্বাস নষ্ট হচ্ছে। পাশাপাশি পুরো ব্যাংকিং খাতের বিশ্বাসযোগ্যতাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের এই বিশেষ বিধান সম্পর্কে জানতে চাইলে নিয়ন্ত্রক সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা বলেন, ‘কিছু ব্যাংক আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে দিয়ে নিরীক্ষা করা হবে। এ জন্য এই বিধি প্রনয়ণ করা হয়েছে।’. অনিয়মের কারণে সংকটে পড়া কয়েকটি ব্যাংককে জানুয়ারি মাসের শুরুতে নিরীক্ষা কার্যক্রম শুরু করা হবে। এর আগে গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছিলেন, আন্তর্জাতিক প্রতিষ্ঠান দিয়ে ব্যাংকগুলোর সম্পদের মান পরীক্ষা করা হবে। শুরুতে ১২টি ব্যাংকে নিরীক্ষা চালানো হবে। ফলে এসব ব্যাংকের প্রকৃত চিত্র বের হয়ে আসবে।