ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ‘কর্পোরেট ক্যাম্প’ অনুষ্ঠিত

অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
শিক্ষার্থীদের দক্ষ, বাজারমুখী ও মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সাভারে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আবাসিক ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী ‘কর্পোরেট ক্যাম্প’। রোববার শুরু হওয়া এই কর্পোরেট ক্যাম্পে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এই ক্যাম্পে মার্কেটিং, সেলস, পাবলিক স্পিকিং, সিভি রাইটিং, সাক্ষাৎকার, ওয়ার্কশপ, কর্পোরেট জগৎ ও উদ্যোক্তা তৈরিসহ বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের প্রথম এই ‘রেসিডেন্সিয়াল ন্যাশনাল বিজনেস সামিট’ এ তরুণ উদ্যোক্তাদের ক্যারিয়ার গঠন, যোগাযোগ দক্ষতা বৃদ্ধি এবং তাদের নৈতিক ও মানবিক গুণাবলির বিকাশে করণীয় সম্পর্কে পরামর্শ দেন শীর্ষস্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তারা। রোববার প্রধান অতিথি হিসেবে কর্পোরেট ক্যাম্পের উদ্বোধন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স বিভাগের চেয়ারপারসন এটিএম নুরুল আমিন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক বিজনেস স্কুলের ডিন ইফতেখার গনি চৌধুরী।
প্রতিযোগিতামূলক চাকরির বাজারে খাপ খাওয়ানো এবং দক্ষতা ও অভিজ্ঞতা বাড়িয়ে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ দেন তারা। মঙ্গলবার কর্পোরেট ক্যাম্পের শেষ দিন প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত কবি ও সাহিত্যিক আসাদ চৌধুরী। শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা ও মানবিক গুণাবলি গড়ে তোলার প্রতি গুরুত্বরোপ করেন তিনি।
ব্র্যাক বিজনেস স্কুলের সহকারী অধ্যাপক ও অফিস অব কো-কারিকুলার অ্যাক্টিভিজের ডিরেক্টর দিলারা আফরোজ খানের পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের চেয়ারপারসন ফেরদৌস আজিম, কম্পিউটার সায়েন্স বিভাগের চেয়ারপারসন আবদুল মোত্তালিব, এনবিআর জবসের ব্যবস্থাপনা পরিচালক ও ইথিকস ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি এম ই চৌধুরী শামীম, অ্যাসটিউট হর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহাদত হোসেন ও সাউথটেকের বিজনেস এনালিস্ট আহমেদ কবীর চয়ন।