“অগ্নি নির্বাপণের আধুনিক সরঞ্জামাদি সংযোজন করুন -মুসলিম লীগ”


অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
বাংলাদেশ মুসলিম লীগ সভাপতি এ্যাড. বদরুদ্দোজা সুজা ও মহাসচিব কাজী আবুল খায়ের আজ এক শোক বার্তার মাধ্যমে সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে গভীর শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা এবং আহতদের আশু আরোগ্য কামনা করে নেতৃদ্বয় বলেন, আধুনিক সরঞ্জামের অভাবে বিশেষ কিছু দুর্ঘটনায় ফায়ার সার্ভিস কর্মীদের অসহায়ত্ব লক্ষণীয়। নিহত ফায়ার সার্ভিসের বীর যোদ্ধাদের কৃতজ্ঞতার সাথে স্মরণ করে তারা বলেন, সীতাকুণ্ডের ঘটনার আগেও নিমতলী, চুড়িহাট্টা, বনানীর এফআর টাওয়ার ট্রাজেডি সহ বিভিন্ন জায়গায় আধুনিক সরঞ্জামের অভাবে যেমন আগুন নিয়ন্ত্রণে বিলম্ব হয়েছে অপরদিকে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণও বৃদ্ধি পেয়েছে। নিমতলী ট্রাজেডির একযুগ পেরিয়ে গেলেও ফায়ার সার্ভিস আধুনিক সরঞ্জামাদিতে এখনও স্বয়ংসম্পূর্ণ নয় তা কন্টেইনার ডিপোর অগ্নি দুর্ঘটনা আবারো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। দ্রুততম সময়ে অগ্নি নির্বাপণে অক্ষম জাতিকে সিঙ্গাপুরের স্বপ্ন দেখানো আর ছেড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা একই কথা। অবিলম্বে রাসায়নিক পদার্থ, বহুতল স্থাপনা এবং সরু রাস্তা ও ঘনবসতিপূর্ণ স্থানের আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতা চালানোর মত আধুনিক সরঞ্জামাদি সংযোজন ও উন্নত প্রশিক্ষণের মাধ্যমে সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস বিভাগকে ঢেলে সাজানোর জোর দাবী এবং আহতদের চিকিৎসা, সেবা ও উদ্ধার কাজে সর্বস্তরের স্বেচ্ছাসেবীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মুসলিম লীগ নেতৃবৃন্দ।