
অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
যুক্তরাষ্ট্রভিত্তিক সিএফএ ইনস্টিটিউট থেকে চার্টার্ড ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট (সিএফএ) সনদ অর্জন করেছেন আরো ১১ জন বাংলাদেশী। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সিএফএ সোসাইটি বাংলাদেশ আয়োজিত চতুর্থ সিএফএ সনদ হস্তান্তর অনুষ্ঠানে তাদের হাতে সনদ তুলে দেন ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা পল স্মিথ, সিএফএ।
অনুষ্ঠানে বিনিয়োগ বিশ্লেষকদের উদ্দেশে রাখা বক্তব্যে দেশের সামষ্টিক অর্থনীতির নানা দিক তুলে ধরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশে আর্থিক বাজারের সম্ভাবনার পাশাপাশি তরুণ বিনিয়োগ পেশাদারদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন পল স্মিথ। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন ইউবিএস ইনভেস্টমেন্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের খণ্ডকালীন অধ্যাপক লুিফ সিদ্দিকী, সিএফএ। স্বাগত বক্তব্য রাখেন সিএফএ সোসাইটি বাংলাদেশের প্রেসিডেন্ট শহিদুল ইসলাম, সিএফএ। এ সময় দেশের শতাধিক বিনিয়োগ বিশ্লেষক উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সিএফএ ইনস্টিটিউট বিশ্বের ১ লাখ ৭০ হাজারের বেশি সনদধারী আর্থিক বিশ্লেষকের একটি বৈশ্বিক প্লাটফর্ম। তিন স্তরের একাডেমিক পরীক্ষার পাশাপাশি চার বছরের পেশাগত অভিজ্ঞতা ও ইনস্টিটিউট পরিচালিত পেশাগত মানদণ্ড উন্নয়নের নিয়মিত কর্মসূচিগুলোয় অংশগ্রহণের মাধ্যমে এ সনদ অর্জন করেন সদস্যরা। আর্থিক বিশ্লেষণ, পোর্টফোলিও ম্যানেজমেন্ট, বিনিয়োগ-সংক্রান্ত পরামর্শসেবা, রেগুলেটরি কর্মকাণ্ড প্রতিটি ক্ষেত্রে সদস্যদের পেশাগত জ্ঞান ও দক্ষতার পাশাপাশি সর্বোচ্চ নৈতিকতার চর্চায় গুরুত্ব দেয় বিনিয়োগ পেশাদারদের সবচেয়ে বড় বৈশ্বিক নেটওয়ার্কটি। ইনস্টিটিউটের বাংলাদেশী সদস্যদের নিয়ে চার বছর আগে যাত্রা করে সিএফএ সোসাইটি বাংলাদেশ। বর্তমানে সোসাইটির পূর্ণ সদস্যপদ অর্জন করেছেন ৯৭ জন, সহযোগী সদস্য রয়েছেন আরো ৯৪ জন।
এ বছর সিএফএ সনদ গ্রহণকারী ১১ জন হলেন আনিসা আমির আলী (কনস্টিলেশন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি), মাহমুদুর রহমান (স্ট্যান্ডার্ড চার্টার্ড), মো. রেজওয়ানুর রহমান (ইউনাইটেড সিকিউরিটিজ), মো. ইউসুফ আলী (ব্র্যাক ব্যাংক), মিনহাজুর রহমান (মসলিন ক্যাপিটাল), মো. নাজমুল হাসান টিপু (লংকাবাংলা ফিন্যান্স), মুকিত আল রহমান (ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন), নাহিয়ান নাসির (পিডব্লিউসি), এসএম মুদ্রাহির রহমান (স্ট্যান্ডার্ড চার্টার্ড), সাজিয়া মেরাজ (এইচএসবিসি) ও ওয়াসিম আলিম (চালডাল ডটকম)। বিদেশে অবস্থান করায় সনদ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি একজন।










