নিজস্ব প্রতিবেদক :
রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন চালু হচ্ছে আজ। এর আগে রেকর্ড ডেটের কারণে কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ ছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
২০১৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত হিসাববছরের জন্য ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে পাঁচ টাকা ২৮ পয়সা ও শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ৬৪ টাকা ৬৩ পয়সা। এটি আগের বছর একই সময় ছিল যথাক্রমে চার টাকা ৫৩ পয়সা ও ৫৫ টাকা ৮১ পয়সা। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ৩১ মার্চ বেলা ১১টায় লা-ভিটা হল, লেক শুর হোটেল, বাড়ি-৪৬, সড়ক-৪১, গুলশান-২, ঢাকায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে, যাতে আগের বছরের চেয়ে পাঁচ শতাংশ বোনাস কম। এ সময় শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে চার টাকা ৫৩ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ৫৫ টাকা ৮১ পয়সা, যাতে আগের বছর একই সময় ইপিএস ছিল চার টাকা ৬১ পয়সা ও এনএভি ৬০ টাকা ৪৯ পয়সা। ওই সময় কর-পরবর্তী মুনাফা করেছে ৩৫ কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকা, যা আগের বছর ছিল ৩১ কোটি ৬৬ লাখ ৭০ হাজার টাকা।
কোম্পানিটি ১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ইপিএস হয়েছে ৫৩ পয়সা এবং কর-পরবর্তী মুনাফা করেছে চার কোটি ৬২ লাখ ৬০ হাজার টাকা। দ্বিতীয় প্রান্তিকে ইপিএস ছিল এক টাকা ৪৬ পয়সা এবং কর-পরবর্তী মুনাফা করেছে ১২ কোটি ৬৬ লাখ ৭০ হাজার টাকা, যা প্রথম প্রান্তিকে ইপিএস ছিল এক টাকা তিন পয়সা এবং মুনাফা করেছে আট কোটি ৯৬ লাখ ২০ হাজার টাকা।
২০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৮৬ কোটি ৯১ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ ৩৫৪ কোটি ২৯ লাখ টাকা। কোম্পানির আট কোটি ৬৯ লাখ ৯ হাজার ৯৯০টি শেয়ার রয়েছে।
ডিএসইর সর্বশেষ তথ্যমতে, কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে ৬২ দশমিক ৩৬ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের, প্রাতিষ্ঠানিক পাঁচ দশমিক ৩৯ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে বাকি ৩২ দশমিক ২৫ শতাংশ শেয়ার রয়েছে।












