
ব্যাংক পরচিালনা ও আধিপত্ত নিয়ে সিকদার পরিবারে গৃহবিবাদ, ঋণের নথিও গায়েব!!!
খোন্দকার জিল্লুর রহমান :-
চলতি বছরের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক প্রায় ছয় শ কোটি টাকা ঋণ বিতরণ করে, যার কোনো অনুমোদন নাই। এমনকি এসব ঋণের বেশির ভাগের কোনো নথিপত্র ব্যাংকটিতে পাওয়া যাচ্চে না এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারাও এসব নথিপত্র খুঁজে পাচ্ছেন না। আর এ নিয়ে তদন্ত চলায় ব্যাংকটির পরিচালনা পর্ষদ ও এখন বিতরণ করা এসব ঋণের অনুমোদন দিতে চাইছে না। যদিও এসব ঋণ দেওয়া হয়েছে ব্যাংকটির পরিচালক পদে থাকা সিকদার পরিবারের এক সদস্যের নির্দেশে। ব্যাংক পরচিালনা ও আধিপত্ত নিয়ে নিয়ে সিকদার পরিবারের মধ্যে তৈরি হয়েছে গৃহবিবাদ। ভাইয়েরা এক পক্ষে, বিপরীতে আছেন এক বোন। এক পক্ষ চাচ্ছে অনিয়ম অনুমোদনের, অন্য পক্ষ অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা চায়।
২৬ ডিসেম্বর ২০২০ এর পর যেসব ঋণ বিতরণ করা হয়েছে, বাংলাদেশ ব্যাংক এসব ঋণের বিষয়ে তথ্য চেয়ে চিঠি দিয়েছে। ন্যাশনাল ব্যাংকে কী ধরনের অনিয়ম ও কত টাকা পাচার হয়েছে, তার খোঁজে তদন্ত শুরু করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এই ইউনিটের কর্মকর্তারা ৭ ও ৮ এপ্রিল পর্যন্ত তদন্ত করেন ব্যাংকটির প্রধান কার্যালয়, মহাখালী ও গুলশান করপোরেট শাখায় । যেহেতু বিএফআইইউ অর্থ পাচার তদন্তের দায়িত্বে নিয়োজিত। যার ফলে বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউ এখন যৌথভাবে ব্যাংকটির সামগ্রিক কার্যক্রম খতিয়ে দেখছে।
বিএফআইইউ প্রধান আবু হেনা মোহাম্মদ রাজী হাসান ৮ এপ্রিল বলেন, ‘অর্থ পাচারের কোনো ঘটনা থাকলে সে বিষয়ে তদন্ত করাটা আমাদের দায়িত্ব বিধায় ব্যাংকটির বিভিন্ন অর্থ পাচারের কয়েকটি বিষয় খতিয়ে দেখার জন্য কেন্দ্রীয় ব্যাংক অনুরোধ করেছে, বিভিন্ন মাধ্যমেও তাদের অনিয়মের বিষয় এসেছে। ‘এভাবে ব্যাংক চলতে পারে না, তা দেখিয়ে দেওয়ার সময় এসেছে’ জরুরি হওয়ায় করোনা পরিস্থিতির মধ্যেও আমাদের (বিএফআইইউ) তদন্ত কর্মকর্তারা ন্যাশনাল ব্যাংকে কাজ করছেন।’
নথিতে দেখা যায়, গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় সর্বশেষ ঋণ অনুমোদন হয়। এরপর সভা হলেও আর কোনো ঋণ অনুমোদন হয়নি। তবে একটা প্রশ্ন দাড়ায় ব্যাংকটির ৬২৪ কোটি টাকা ঋণ বিতরণ নিয়ে। তবে বাংলাদেশ ব্যাংক এসব অনিয়মে জড়িত সন্দেহে ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) এএসএম বুলবুলকে ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব থেকে অপসারন করে এবং সেইসাথে ব্যাংকটির নথিপত্রে তাঁর প্রবেশাধিকার বন্ধ করতে নির্দেশ দেয়।
ন্যাশনাল ব্যাংকের ঋণ বিতরণের পূর্ণাঙ্গ হালনাগাদ নথিপত্র বিশ্লেষণে দেখা যায়, গত তিন মাসে শান্তানা এন্টারপ্রইজ নামে একটি প্রতিষ্ঠানের নামে ১৬৪ কোটি টাকা ঋণসুবিধা দেওয়া হয়। স্বাস্থ্য সরঞ্জাম আমদানির নামে প্রতিষ্ঠানটি ঋণপত্র খোলে, তবে এখনো পণ্য আসেনি। যদিও ব্যাংকটির ঋণের নথিতে দেখানো হয়েছে এটি আবাসন নির্মাণ খাতের ঋণ হিসেবে। এই প্রতিষ্ঠানটির একজন মালিকের বাসায় ব্যাংকটির গুলশানের শাখা। এই সূত্রে ব্যাংকটির কয়েকজন পরিচালকের সঙ্গে সখ্য গড়ে ওঠে। এ কারণেই অনুমোদন ছাড়া ঋণ পায়।
একই সময়ে ফ্রেন্ডস মাল্টি ট্রেড কোম্পানির নামে ৮৩ কোটি, স্টেপ মিডিয়ার নামে ১৮ কোটি, রূপায়ণ হাউজিং লিমিটেডের নামে ৯ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়। আবার মৌখিক অনুমোদনে সিনহা অ্যান্ড ওপেক্স ইন্ডাস্ট্রিজকে দেওয়া হয় ৪০ কোটি টাকা। এ ছাড়া একই সময়ে সাইফ পাওয়ার হোল্ডিং, বেক্সিমকো এলপিজি, আলেশা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভিসেস, গচিয়াটা অ্যাকুয়াকালচার, সিএলসি পাওয়ার, অ্যাকটিভ ফাইন কেমিক্যাল, ডাইরেক্ট ফ্রেশ, খান সন্স বিডি, দ্য ফাইনারি লিমিটেড, ড্রিম প্লাস, ফ্যাশন ফ্লাশ, গ্লোব ট্রাভেল সার্ভিসেস, গ্লোবাল এমব্রয়ডারি ও তানজিলা টেক্সটাইলের নামে ঋণ বিতরণ করা হয়। তবে এসব ঋণে পরিচালনা পর্ষদের কোনো অনুমতি ছিল না। এমনকি ঋণ প্রদানের কোনো অনুমতিপত্রও নেই।
তদন্তকাজে যুক্ত কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, ব্যাংকটি এসব ঋণের নথিপত্র দেখাতে পারছে না, শুধু ঋণ বিতরণের নথি রয়েছে। ঋণের টাকা কোথায় ব্যবহৃত হয়েছে, তারও কোনো তথ্য মিলছে না। তদন্ত শেষ হলেই প্রকৃত চিত্র পাওয়া যাবে।
ব্যাংকের নিয়ন্ত্রণে পারিবারিক দন্ধ প্রকট আকার ধারন করে, গত ১০ ফেব্রুয়ারি ২০২১ ব্যাংকটির চেয়ারম্যান জয়নুল হক সিকদার মারা যাওয়ার পর ২৪ ফেব্রুয়ারি তাঁর স্ত্রী মনোয়ারা সিকদার নতুন চেয়ারম্যানের দায়িত্ব নেন। জয়নুল হক সিকদার চেয়ারম্যান থাকাকালীন সময়ে ব্যাংকটির পরিচালনা করতেন তাঁর দুই ছেলে রন হক সিকদার ও রিক হক সিকদার। চেয়ারম্যানের মৃত্যুর পর ব্যাংকটি পরিচালনা নিয়ে পরিচালকদের মধ্যে বিভক্তি দেখা দেয়। এই বিভক্তি প্রকট আকার ধারন করে ১২ ফেব্রুয়ারির পরিচালনা পর্ষদে। সেদিন নিয়মনীতি লঙ্ঘন করে বিতরণ করা ঋণের অনুমোদনের প্রস্তাব উঠলে তাঁর মেয়ে ও নির্বাহী কমিটির চেয়ারম্যান পারভীন হক সিকদার এমপি বিরোধিতা করেন এবং পরিবারের বাইরের পরিচালকেরাও তাঁকে সমর্থন দেন। ফলে এসব ঋণ অনুমোদন বন্ধ হয়ে যায়।
এখন রন হক সিকদার ও রিক হক সিকদার চাইছেন ব্যাংকটি নিজেদের একক নিয়ন্ত্রণে রাখতে, আর মেয়ে পারভীন হক সিকদার এমপি ও অন্য পরিচালকেরা চাইছেন ব্যাংকটির যে ভাবমূর্তি নষ্ট না করে ব্যাংটির আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে। পারভীন হক সিকদার এমপি তাঁর ভাইদের হাত থেকে ব্যাংকটি রক্ষার পাশাপাশি এমডি পদে এ এস এম বুলবুল যাতে কোনোভাবে নিয়োগ না পান, তার চেষ্টা করে যাচ্ছেন। এরই মাঝে কেন্দ্রীয় ব্যাংক এ এস এম বুলবুলকে এমডি পদে দায়িত্ব পালনেও নিষেধাজ্ঞা দিয়েছে। অন্যদিকে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান মনোয়ারা সিকদার তাঁর ছেলেদের নিয়ন্ত্রণে রয়েছেন বলে যানা যায়। ছেলে রন হক সিকদার ও রিক হক সিকদার ব্যাংকের পরিচালক। তা ছাড়া সিকদার গ্রুপের কর্মকর্তা নাইমুজ্জামান ভূঁইয়া ও বদিউল আলমও ব্যাংকটির পরিচালক এবং দুই ছেলের পক্ষে।
বিপরীত অবস্থানে থাকা মেয়ে পারভীন হক সিকদার এমপিকে প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থন দিচ্ছেন কেডিএস গ্রুপের খলিলুর রহমান, হোসাফ গ্রুপের মোয়াজ্জেম হোসেন ও মাবরুর হোসেন এবং জাকারিয়া তাহের। তাঁরা চাইছেন ব্যাংকটিতে নতুন করে আর অনিয়ম না হয়।
ব্যাংকটির নির্বাহী কমিটির (ইসি) চেয়ারম্যান পারভীন হক সিকদার এমপি জানান, ‘২৬ ডিসেম্বরের পর থেকে ব্যাংটিতে আর কোনো ঋণ অনুমোদিত হয়নি। ইসি কমিটির প্রধান হিসেবে আমাকেও কিছু জানানো হয়নি। তাই যে ঋণ বিতরণ করা হয়েছে, তার দায়ভার অবশ্যই এমডিসহ অন্য কর্মকর্তাদের। কেন্দ্রীয় ব্যাংকের তদন্ত শেষ হোক, এরপরই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ব্যাংকে নতুন করে কোনো অনিয়ম হতে দেওয়া হবে না বলেও জানান তিনি’।
পরিচালনা পর্যদের অনুমোদন ছাড়াই ৬২৪ কোটি টাকা ঋণ বিতরণ নিয়ে নাম না বলে একজন কর্মকর্তা মন্তব্য করে বলেন, জনগনের সঞ্চিত অর্থে ন্যাশনাল ব্যাংকে এসব কী হচ্ছে ? শুধু ১৫টি গ্রুপের কাছে অর্ধেকের বেশি অনুমোদনহীন ঋণ।
সমস্যা সমাধানে পর্ষদ সভার আহব্বান
ব্যাংকটির গত ফেব্রুয়ারিভিত্তিক বিভিন্ন প্রতিবেদন ঘেঁটে দেখা গেছে, ৪০ হাজার কোটি টাকা ঋণের মধ্যে প্রায় ২০ হাজার কোটি টাকার বেশি ঋণ ১৫টি গ্রুপের কাছে। ব্যাংকটির সবচেয়ে বড় ঋণগ্রহীতা এস আলম গ্রুপের ঋণ ৩ হাজার ৮০৮ কোটি টাকা, ২০১৯ সালে যা ছিল ২ হাজার ৭৬৬ কোটি টাকা। সদ্য প্রয়াত সাংসদ আসলামুল হকের মায়শা গ্রুপের ঋণ ২ হাজার ৪৪১ কোটি টাকা, ২০১৯ সালে যা ছিল ২ হাজার ২০৮ কোটি টাকা। বসুন্ধরা গ্রুপের ঋণ ২ হাজার ৮০২ কোটি টাকা, ২০১৯ সালে যা ছিল ১ হাজার ৯৫০ কোটি টাকা। বেক্সিমকো গ্রুপের ঋণ ১ হাজার ৮৫৭ কোটি টাকা, ২০১৯ সালে যা ছিল ১ হাজার ৭৬৯ কোটি টাকা। নাসা গ্রুপের ঋণ ১ হাজার ৪৫৭ কোটি টাকা, ২০১৯ সালে যা ছিল ১ হাজার ২১৪ কোটি।
এ ছাড়া ব্যাংকটির বড় ঋণের সুবিধাভোগী আরও প্রতিষ্ঠানের মধ্যে ব্লুম সাকসেস ইন্টারন্যাশনালের ঋণ ৬৬৩ কোটি টাকা, ব্রডওয়ে রিয়েল এস্টেটের ৬১৫ কোটি টাকা, হেল্পলাইন রিসোর্সের ২৫৮ কোটি টাকা, ইপসু ট্রেডিংয়ের ১৫২ কোটি টাকা, গ্রান্ড ট্রেডিং এন্টারপ্রাইজের ১৪৩ কোটি টাকা। ন্যাশনাল ব্যাংকের প্রাক্তন এমডি চৌধুরী মোস্তাক আহমেদের সাথে যেগাযোগ করা হলে তিনি করোনা সংক্রমিত ও গত জানুয়ারিতে ন্যাশনাল ব্যাংক হতে অব্যাহতি নিয়েছেন, এসব ব্যাপারে তিনি কিছু জানেন না বলে এড়িয়ে যান, অথছ এসব ঋন অনুমোদন হয়েছে তিনি কর্মরত থাকা অবস্থায়। এ এস এম বুলবুলকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ায় বর্তমানে ব্যাংকটির এমডি পদে কেউ দায়িত্বে নেই বলে কারও মন্তব্য পাওয়া যায়নি। অতিরিক্ত এমডি এ এস এ বুলবুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।
ন্যাশনাল ব্যাংকের শুরুর দিকে কর্মী,এনসিসি ও মেঘনা ব্যাংকের সাবেক এমডি মোহাম্মদ নূরুল আমিন বলেন, একটা ব্যাংক ভালো অবস্থা থেকে কোথায় এসে দাঁড়িয়েছে, এটা জেনেই খারাপ লাগে। আমানতকারীদের স্বার্থে ব্যাংকটিকে বাঁচাতে হবে। এ জন্য অনিয়মে জড়িত পরিচালক ও কর্মকর্তাদের সরিয়ে দিয়ে অন্যদের দায়িত্ব দেওয়া উচিত, আবার কাউকে ধরবে, কাউকে ছাড়বে ভূমিকা থেকে বের হয়ে কেন্দ্রীয় ব্যাংককে নিরপেক্ষ ভূমিকা নিয়ে একজন দক্ষ এমডি নিয়োগ এবং তাঁকে ক্ষমতা দেয়ার মাধ্যমে অনুমোদন ছাড়া ঋণ বিতরণ বন্ধ ও সবাইকে নিয়মের মধ্যে আসার ব্যাবস্থা করলেই ব্যাংকটি ভালো অবস্থায় ফিরে যেতে পারবে।












