
বেনামি ঋণে বড় ঝুঁকিতে ইউনিয়ন ব্যাংক
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
ইউনিয়ন ব্যাংকের সমস্যা কেন্দ্রীয় ব্যাংকের তদারকিতে আছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। তিনি বলেছেন, ‘সব ব্যাংক এক রকম নয়। যেখানে যে সমস্যা হবে, আমরা দেখব, আমরাই সমাধান বের করব।’
২০২২-২৩ অর্থবছরের মুদ্রানীতি ঘোষণা অনুষ্ঠানে একজন সাংবাদিক প্রশ্ন করেন, ‘আজকের প্রথম আলোর প্রতিবেদনে এসেছে, চতুর্থ প্রজন্মের ইউনিয়ন ব্যাংকের ৯৫ শতাংশ ঋণ খেলাপি হওয়ার যোগ্য বলেছে বাংলাদেশ ব্যাংক। এতেই বোঝা যাচ্ছে, ব্যাংক খাতের কী অবস্থা। একটা নতুন ব্যাংক কীভাবে এমন হলো। আরও অনেক ব্যাংক এই সমস্যায় আছে। আমরা ব্যাংকগুলোর মুনাফা দেখছি কিন্তু প্রকৃত অবস্থা দেখছি না। আপনি ছয় বছর তিন মাস গভর্নর পদে থেকে বিদায় নিচ্ছেন। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের ব্যর্থতা আছে কি না?’
এর জবাবে গভর্নর ফজলে কবির বলেন, ‘ইউনিয়ন ব্যাংকে সমস্যা একটা হয়েছে। আজ একটা পত্রিকায় খবর এসেছে। এটি আমাদের নিয়মিত তদারকির মধ্যে আছে। আর ব্যাংক তো সব এক রকম নয়। কোনো ব্যাংক ভালো, খারাপ, মন্দ—সব ধরনের ব্যাংক আছে। আবার রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক একরকম, ব্যক্তি খাতের ব্যাংক অন্য রকম, বিদেশি ব্যাংক আরেক রকম, শরিয়াহ ব্যাংক আরেক রকম। সবই তো আর সমান নয়। এসব আমাদের ক্যামেলস রেটিংসে আসবে। যেখানে যে সমস্যা হবে, আমরা দেখব, আমরাই সমাধান বের করব।’
বাংলাদেশ ব্যাংক গত ২৭ এপ্রিল ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে এক চিঠি দিয়ে বলেছে, ব্যাংকটির বিতরণ করা ঋণের ১৮ হাজার ৩৪৬ কোটি টাকা খেলাপি হওয়ার যোগ্য, যা ব্যাংকটির মোট ঋণের ৯৫ শতাংশ। অর্থাৎ ব্যাংকটি প্রতিষ্ঠার পর থেকে যত ঋণ বিতরণ করেছে, তার সিংহভাগই খেলাপি বা অনিয়মের ঋণে পরিণত হয়েছে। এসব ঋণ আদায়ে সময় বেঁধে দেওয়া হয়েছে, না হলে খেলাপি করতে নির্দেশ দিয়েছে।












