
অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চার সদস্য একযোগে পদত্যাগ করতে যাচ্ছেন। বিগত সরকারের সময়ে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সকল নিয়োগ বাতিলের সরকারি নির্দেশনা অনুসারে তারা পদত্যাগ করছেন। আগামীকাল ৭ নভেম্বর পদত্যাগ পত্র জমা দেয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের এই চার সদস্য হলেন, বিশ্বজিৎ ভট্টাচার্য্য খোকন (প্রশাসন), মো. দলিল উদ্দিন (আইন), মো. নজরুল ইসলাম (নন-লাইফ) এবং কামরুল হাসান (লাইফ)। ৭ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার তাদের পদত্যাগ পত্র দাখিল করবেন।

২০২৪ সালের ৩১ জানুয়ারি অবসরোত্তর ছুটি ভোগরত সরকারের অতিরিক্ত সচিব বিশ্বজিৎ ভট্টাচার্য খোকন এনডিসি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান । যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেয়া হয়। সিনিয়র জেলা ও দায়রা জজ (পিআরএল ভোগরত) মো. দলিল উদ্দিনকে প্রথমবারের মতো আইডিআরএ’র সদস্য (আইন) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয় ২০২০ সালের ১০ জুন। পরবর্তীতে ২০২৩ সালের ৩০ মে দ্বিতীয় দফায় তাকে আরো ৩ বছরের জন্য কর্তৃপক্ষের সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়। অপরদিকে আইডিআরএ’র সদস্য (লাইফ) পদে কামরুল হাসান এবং সদস্য (নন-লাইফ) পদে মো. নজরুল ইসলামকে ৩ বছরের জন্য নিয়োগ দেয়া হয় ২০২২ সালের ২৩ জুন। কামরুল হাসান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য (লাইফ) পদে যোগদান করেন ২০২২ সালের ২৭ জুন এবং মো. নজরুল ইসলাম কর্তৃপক্ষের সদস্য (নন-লাইফ) পদে যোগদান করেন ২০২২ সালের ২৯ জুন।
জানা গেছে, আইডিআরএ’র চেয়ারম্যান ড. আসলাম আলম ৫ নভেম্বর ২০২৪ মঙ্গলবার সকালে অফিসে এসে তার ব্যক্তিগত সচিব হামিদ মিয়াকে সঙ্গে নিয়ে মন্ত্রনালয়ে যান। মন্ত্রনালয় থেকে আইডিআরএ’র চেয়ারম্যান অফিসে ফিরে আসার পর এ বিষয়টি নিশ্চিত হন সকলে। সদস্যরা ৬ নভেম্বর২০২৪ বুধবার পর্যন্ত অফিস করেছেন। কয়েকদিনের মধ্যেই শূন্য পদে নতুন সদস্য নিয়োগ দেয়া হবে বলে সুত্র জানায়।












