
অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
দেশের বীমা খাত সংস্কারের জন্য তিনটি মূল ভিত্তির ওপর জোর দিয়েছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন| তিনি বলেন, বীমা খাতকে টেকসই ও কার্যকর করতে হলে প্রথমে গ্রাহকের আস্থা পুনরুদ্ধার, দ্বিতীয়ত নিয়ন্ত্রক কাঠামো ও দীর্ঘমেয়াদি বিনিয়োগ ব্যবস্থা শক্তিশালী করা এবং তৃতীয়ত খাতের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা জরুরি|
২৭ জুন ২০২৬ শনিবার রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে বীমা খাতের ভবিষ্যৎ সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন|
সেমিনারে জানানো হয়, বর্তমানে বীমা খাতে গ্রাহকদের অনিষ্পন্ন দাবি প্রায় ৭ হাজার কোটি টাকা রয়েছে| এর মধ্যে কিছু সমস্যা পুরো খাতের কাঠামোগত দুর্বলতার কারণে সৃষ্টি হয়েছে, আবার কিছু নির্দিষ্ট কোম্পানির অনিয়ম ও অদক্ষতার কারণে হয়েছে| এসব সমস্যা সমাধানে কাজ চলমান রয়েছে বলে তিনি উল্লেখ করেন|
অনুষ্ঠানে আইডিআরএ চেয়ারম্যান বলেন, অনেক বীমা কোম্পানির সম্পদ বিক্রিতে জটিলতা রয়েছে, যা দ্রুত সমাধান করা প্রয়োজন| একই সঙ্গে খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ঝুঁকিভিত্তিক তদারকি ব্যবস্থা চালু করার ওপর তিনি গুরুত্ব দিয়ে তিনি বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ হওয়ায় এখানে বীমা খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ| তাই মাইক্রোইন্স্যুরেন্স চালু করা এবং সেবার চ্যানেল আরও বিস্তৃত করার প্রয়োজন রয়েছে|
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের (বিআইএ) সভাপতি সাঈদ আহমেদ এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের (বিআইএফ) সভাপতি বিএম ইউসুফ আলীসহ খাত সংশ্লিষ্ট অন্যান্য অতিথিরা|












