জেসিবি প্লাটিনাম ক্রেডিট কার্ড চালু করল প্রাইম ব্যাংক

অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
দেশে প্রথমবারের মতো জেসিবি প্লাটিনাম ক্রেডিট কার্ড নিয়ে এসেছে প্রাইম ব্যাংক। এ কার্ড ব্যবহারকারীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রি প্রটোকল সুবিধা, বলাকা ভিআইপি লাউঞ্জ ব্যবহার, পাঁচতারকা হোটেলে বাই ওয়ান গেট ওয়ান সুবিধা, সুদমুক্ত ইএমআই সুবিধা, প্রথম বছর বার্ষিক ফি মওকুফ, ফ্রি সাপ্লিমেন্টারি কার্ড, স্বাস্থ্য বীমাসহ এক ডজনের বেশি সুবিধা ভোগ করতে পারবেন। জাপানের জেসিবি কোম্পানি লিমিটেডের প্লাটিনাম ক্রেডিট কার্ডটি চালুর আগে ২০১৪ সালে প্রাইম ব্যাংক জেসিবি স্ট্যান্ডার্ড ও গোল্ড ক্রেডিট কার্ড চালু করেছিল।
জেসিবি প্লাটিনাম ক্রেডিট কার্ড উদ্বোধন উপলক্ষে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রাইম ব্যাংক। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রাহেল আহমেদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান, কনজিউমার ব্যাংকিং বিভাগের প্রধান এএনএম মাহফুজ, জেসিবি কোম্পানি লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইউচিরো কাদোওকিসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীরা এতে উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ইউচিরো কাদোওকি বলেন, স্বাধীনতা-পরবর্তী সময় থেকেই জাপান বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতির সারথি হিসেবে কাজ করছে। এ দেশের ভৌত অবকাঠামো নির্মাণ, শিল্পের উন্নয়ন, শিক্ষা, চিকিৎসাসহ সব খাতেই আমরা কাজ করছি। প্রাইম ব্যাংকের সঙ্গে জেসিবি কোম্পানি লিমিটেডের সম্পর্ক ২০১৪ সাল থেকে। ১৯৬১ সালে প্রতিষ্ঠিত এ কোম্পানি জাপানের মানুষের জন্য প্রথম ক্রেডিট কার্ড চালু করে। বর্তমানে বিশ্বের ২০টির বেশি দেশে আমরা ক্রেডিট কার্ড ইস্যু করছি।
তিনি আরো বলেন, আমরা বাংলাদেশের মানুষকে সর্বাধুনিক ক্রেডিট কার্ড সেবা দিতে চাই। জেসিবি প্লাটিনাম ক্রেডিট কার্ড বিশ্বের সব দেশেই ব্যবহার করা যাবে। প্রাইম ব্যাংকের হাত ধরে এ দেশের মানুষের দৈনন্দিন জীবনযাপনে আমরা আরো স্বাচ্ছন্দ্য নিয়ে আসতে চাই।
প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রাহেল আহমেদ বলেন, কয়েক বছর ধরে প্রাইম ব্যাংক সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে সমৃদ্ধ হয়েছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে চলতি বছরের শুরু থেকেই আমরা গ্রাহকদের জন্য নতুন নতুন সেবা চালু করছি। তিনি বলেন, ১৯৯৯ সাল থেকে প্রাইম ব্যাংক দেশের মানুষকে ক্রেডিট কার্ড সেবা দিয়ে আসছে। অনেকগুলো নতুন সুবিধা সংযুক্ত করে জেসিবি প্লাটিনাম ক্রেডিট কার্ড আমরা বাজারে এনেছি। আশা করছি, এ ক্রেডিট কার্ডের গ্রাহকরা সর্বোত্কৃষ্ট সেবা পাবেন।