বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যাডভাইজরি ইস্যু ম্যানেজমেন্ট চুক্তি

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
পুঁজিবাজারে তালিকাভুক্তির লক্ষ্যে দেশের স্বনামধন্য কেবল উৎপাদনকারী প্রতিষ্ঠান বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইসিএমএল)-এর মধ্যে অ্যাডভাইজরি এবং ইস্যু ম্যানেজমেন্ট চুক্তি বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর প্রধান কার্যালয় ও উৎপাদন কারখানা, কুষ্টিয়ায় ২৪ মে ২০২৬ তারিখ রোজ রবিবার সকাল ১১:০০ ঘটিকায় স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর চেয়ারম্যান, বাংলাদেশের কেবলস শিল্পের পুরোধা ব্যক্তিত্ব ও দুরদর্শী শিল্পোদ্যোক্তা মোঃ মজিবর রহমান ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা মিসেস মাজেদা খাতুন, অতিরিক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মল্লিক রওশন আলম সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে কেবল ও কন্ডাক্টর প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসেবে একটি সুপরিচিত নাম। কোম্পানিটি বিশ্বের শীর্ষস্থানীয় কেবলস উৎপাদনকারী কোম্পানিগুলোর মধ্যে ৩৩তম অবস্থানে রয়েছে। বর্তমানে বিআরবি কেবল বিদ্যুৎ, গৃহস্থালি ওয়্যারিং, অপটিক্যাল ফাইবার কেবলস, মেরিন কেবলস, বিআরবি ফ্যান এবং কন্ডাক্টরসহ বিস্তৃত পণ্য সরবরাহ করে, যা বিদ্যুৎ, অবকাঠামো, টেলিযোগাযোগ এবং শিল্প উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ খাতের জন্য অপরিহার্য। বিআরবি গ্রুপ দেশের অন্যতম বৃহত্তম শিল্পগোষ্ঠী যার অধীনে বর্তমানে ১৪টি সহযোগী প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিআরবি এনার্জি লিমিটেড, বিআরবি পলিমার লিমিটেড, বিআরবি হসপিটাল লিমিটেড, বিআরবি সিকিউরিটিজ লিমিটেড অন্যতম।
বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইসিএমএল)-এর মধ্যে অ্যাডভাইজরি এবং ইস্যু ম্যানেজমেন্ট চুক্তি প্রতিষ্ঠানটির ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি, দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ বিনিয়োগ ও সম্প্রসারণ পরিকল্পনা বাস্তবায়ন এবং পুঁজিবাজারে তালিকাভুক্তিতে সহায়ক ভূমিকা রাখবে। বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর ন্যায় মৌলভিত্তিসম্পন্ন ও বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান তালিকাভুক্ত হলে পুঁজিবাজারে গুণগতমানসম্পন্ন সিকিউরিটিজের সরবরাহ বৃদ্ধি পাবে, যা সার্বিকভাবে পুঁজিবাজারের উন্নয়নে প্রভাব ফেলবে এবং বিনিয়োগকারীসহ সকল স্টেকহোল্ডারের মধ্যে আস্থা ও ইতিবাচক মনোভাব তৈরি হবে।