বিডি ভেঞ্চারের এজিএম অনুষ্ঠিত

১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা
২০১৭-১৮ অর্থবছরের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে বিডি ভেঞ্চার লিমিটেড। সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানির সপ্তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ ঘোষণা দেয়া হয়।
সম্প্রতি রাজধানীর গুলশান ক্লাবে অনুষ্ঠিত এজিএমে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান এম এহসানুল হক। পরিচালকদের মধ্যে আফতাব উল ইসলাম, মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী (ব্যবস্থাপনা পরিচালক, লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড), আহমেদ সাইফুদ্দিন চৌধুরী (ব্যবস্থাপনা পরিচালন ও প্রধান নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড), নূর এ আলম চৌধুরী, আনিস এ খান (ব্যবস্থাপনা পরিচালক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড) এবং বিডি ভেঞ্চারের ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসেন সভায় উপস্থিত ছিলেন।
সভায় ২০১৭-১৮ অর্থবছরের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ প্রদানের ঘোষণা দেয়া হয়। এর মধ্যে ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ও ৫ শতাংশ নগদ লভ্যাংশ। সভায় শেয়ারহোল্ডাররা কোম্পানির অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন।
বর্তমানে বিডি ভেঞ্চার ক্যাপিটাল ৫০ কোটি টাকার তহবিল উত্তোলনের লক্ষ্যে কাজ করছে। বিডি ভেঞ্চার বিভিন্ন আইটি স্টার্টআপ কোম্পানি যেমন ডক্টরোলা, এসো শিখি, ব্রেন স্টেশন ২৩, ইন্টারঅ্যাকটিভ আর্টিফেক্টে বিনিয়োগ করেছে। চলতি বছর তারা ইওন ফুডস লিমিটেডের শেয়ার বিক্রি করেছে। —বিজ্ঞপ্তি