বেজার সঙ্গে নিপ্পন অ্যান্ড ম্যাকডোনাল্ড স্টিলের চুক্তি
নিজস্ব প্রতিবেদক
মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ১০০ একর জমির ওপর একটি বৃহৎ ও স্বয়ংসম্পূর্ণ ইস্পাত কারখানা প্রতিষ্ঠা করবে জাপানের নিপ্পন স্টিল অ্যান্ড সুমিকিন বুসান করপোরেশন এবং ম্যাকডোনাল্ড স্টিল বিল্ডিং প্রডাক্টস লিমিটেডের যৌথ বিনিয়োগকারী প্রতিষ্ঠান নিপ্পন অ্যান্ড ম্যাকডোনাল্ড স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর জন্য প্রায় ৫ কোটি ৯২ লাখ ডলার বিনিয়োগ করবে তারা। অর্থনৈতিক অঞ্চলে বার্ষিক ভাড়ার ভিত্তিতে ইজারাকৃত জমিতে কারখানাটি গড়ে তোলা হবে। এতে ইস্পাত উৎপাদনে ৫০ শতাংশ কাঁচামাল স্থানীয়ভাবে সংগ্রহ করা হবে।
এ বিষয়ে গতকাল নিপ্পন অ্যান্ড ম্যাকডোনাল্ড স্টিল ইন্ডাস্ট্রিজ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) মধ্যে জমি ইজারা-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। বেজার নির্বাহী সদস্য হারুনুর রশীদ ও নিপ্পন অ্যান্ড ম্যাকডোনাল্ড স্টিল ইন্ডাস্ট্রিজের মো. সারোয়ার কামাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে জাপানি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ইতো টাকেশি, সেকেন্ড সেক্রেটারি হিগুচি মাসাতোসি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন-বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব ইশতিয়াক আহমেদ, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) স্থানীয় প্রতিনিধি কোগা তাইকি, নিপ্পন স্টিল অ্যান্ড সুমিকিন বুসান করপোরেশনের পরিচালক নোমুরা ইয়োইচি এবং নিপ্পন অ্যান্ড ম্যাকডোনাল্ড স্টিল ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মো. সারোয়ার কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেজার নির্বাহী সদস্য ড. এম এমদাদুল হক। বেজার ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে নিপ্পন অ্যান্ড ম্যাকডোনাল্ড স্টিল ইন্ডাস্ট্রিজকে অভিনন্দন জানিয়ে পবন চৌধুরী বলেন, জাপান বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী ও বন্ধুপ্রতিম একটি দেশ। এ চুক্তির ফলে উভয় দেশের মধ্যকার দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরো দৃঢ় হবে। তিনি বলেন, যৌথ বিনিয়োগের এ ধারা অব্যাহত থাকলে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল একটি বিশ্বমানের বিনিয়োগবান্ধব অঞ্চল হয়ে উঠবে। তিনি জানান, মহেশখালীতে জাপান তাদের দ্বিতীয় অর্থনৈতিক অঞ্চল স্থাপনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। তিনি বেজার উন্নয়নে জাইকার অসামান্য ভূমিকার কথা উল্লেখ করে বলেন, জাইকার সহায়তা এবং সার্বক্ষণিক পর্যবেক্ষণে ওয়ান স্টপ সেন্টার ডিসেম্বরের মধ্যেই পুরোদমে চালু করা সম্ভব হবে।
এক প্রশ্নের জবাবে জেট্রোর স্থানীয় প্রতিনিধি কোগা তাইকি বলেন, বাংলাদেশে প্রায় ২৬৯টি জাপানি প্রতিষ্ঠানের বিনিয়োগ রয়েছে। ভবিষ্যতে তারা তাদের বিনিয়োগ আরো বাড়াতে ও নতুন নতুন প্রতিষ্ঠান বিনিয়োগ করতে আগ্রহী।
মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে নিপ্পন অ্যান্ড ম্যাকডোনাল্ড স্টিল ইন্ডাস্ট্রিজের ইস্পাত কারখানা স্থাপনের প্রকল্পটি দুই বছরের মধ্যে বাস্তবায়ন হবে বলে আশা করা হচ্ছে। এখানে উৎপাদিত ইস্পাত পণ্যের বার্ষিক স্থানীয় চাহিদা মূল্য ধরা হয়েছে ১ কোটি ৩৬ লাখ ৪৭ হাজার ডলার।
প্রকল্পটির অধীনে মোট ১০০ একর জমির মধ্যে ৬০ একরজুড়ে কারখানা ও প্রশাসনিক ভবন, পণ্যাগার, লজিস্টিক এলাকা, পানি ও বর্জ্য শোধনাগার, সড়ক এবং অন্যান্য প্রয়োজনীয় স্থাপনা গড়ে তোলা হবে। বাকি জমিতে ডরমিটরি, স্বাস্থ্যসেবা কেন্দ্র ও প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ এবং সবুজায়ন করা হবে। এখানে প্রাথমিকভাবে প্রায় আড়াই হাজার জনের কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে। কারখানার কারণে পরিবেশের ওপর যেন কোনো ক্ষতিকর প্রভাব না পড়ে, সেজন্য এখানে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করা হবে। পাশাপাশি ‘পরিবেশ ব্যবস্থাপনা পরিকল্পনা’ গ্রহণ করা হবে।
উল্লেখ্য, বিশ্বব্যাপী ইস্পাত বাজারজাত, আমদানি-রফতানি বাণিজ্য, শিল্পায়ন ও অবকাঠামো শিল্পে ৪১ বছর ধরে ব্যবসা সম্প্রসারণ করে চলেছে নিপ্পন স্টিল অ্যান্ড সুমিকিন বুসান করপোরেশন। টেক্সটাইল ও খাদ্যপণ্য উৎপাদনেও তারা সুনাম অর্জন করেছে। এশিয়ার বিভিন্ন দেশে একক ও যৌথ বিনিয়োগে ইস্পাত কারখানা স্থাপন করেছে তারা। এছাড়া যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও ইউরোপের কয়েকটি দেশে তারা তাদের বাজার বিস্তৃত করেছে। অন্যদিকে ম্যাকডোনাল্ড স্টিল বিল্ডিং প্রডাক্টস লিমিটেড ১৯৯৮ সাল থেকে বাংলাদেশের অবকাঠামো শিল্পে মানসম্পন্ন ইস্পাত সরবরাহ করে আসছে।










