রহিম টেক্সটাইলের ঋণমান ‘এ প্লাস’ ও ‘এসটি-থ্রি’

অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
রহিম টেক্সটাইল মিলস লিমিটেডের ঋণমান দীর্ঘমেয়াদে ‘এ প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-থ্রি’। ৩০ জুন সমাপ্ত ২০১৮ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে এ মূল্যায়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।
জানা গেছে, আগামী ২২ জানুয়ারি কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে। সভায় অর্ধবার্ষিকের অনিরীক্ষিত প্রতিবেদন নিয়ে আলোচনায় বসবেন কোম্পানিটির পর্ষদ।
এদিকে হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৫ পয়সা। যা এর আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ৩০ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০১৮ এর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৩ টাকা ১৬ পয়সায়।
রহিম টেক্সটাইল ৩০ জুন সমাপ্ত ২০১৮ হিসাব বছরের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ২০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬ টাকা ৫০ পয়সা ও এনএভিপিএস ৪০ টাকা ৯১ পয়সা। ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে রহিম টেক্সটাইল। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬ টাকা ৬১ পয়সা ও এনএভিপিএস দাঁড়ায় ৪১ টাকা ৮ পয়সায়। ২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ৪০ শতাংশ স্টক লভ্যাংশ দেয় রহিম টেক্সটাইল। ২০১৫ হিসাব বছরেও কোম্পানিটি ৪০ শতাংশ স্টক লভ্যাংশ দেয়।
ডিএসইতে বৃহস্পতিবার রহিম টেক্সটাইল শেয়ারের সর্বশেষ দর শূন্য দশমিক ১০ শতাংশ বা ৪০ পয়সা বেড়ে দাঁড়ায় ৪০২ টাকা ৮০ পয়সায়। দিনভর দর ৩৯০ টাকা ১০ পয়সা থেকে ৪০৯ টাকার মধ্যে ওঠানামা করে। সমাপনী দর ছিল ৪০০ টাকা ১০ পয়সা। যা এর আগের কার্যদিবসে ছিল ৪০২ টাকা ৪০ পয়সা। এদিন ২৮২ বারে কোম্পানিটির মোট ১০ হাজার ৪৯৫টি শেয়ারের লেনদেন হয়। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন দর ছিল ২১২ টাকা ও সর্বোচ্চ দর ৫৪৮ টাকা ৮০ পয়সা।