সামিট পাওয়ারের ৭ কোটি শেয়ার কেনার অনুমোদন

সামিট পাওয়ার লিমিটেডের সাত কোটি ২ লাখ ৩৭ হাজার ৪৯৯টি শেয়ার ক্রয়ের অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা। মঙ্গলবার (১৩ মার্চ) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৩৪তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।
বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সামিট হোল্ডিংস লিমিটেড কর্তৃক ধারণকৃত সামিট পাওয়ারের ৭ কোটি ২ লাখ ৩৭ হাজার ৪৯৯টি শেয়ার ৬ দশমিক ৫৭ শতাংশ শেয়ারের মালিকানা রয়েছে সামিট হোল্ডিংসের কাছে। আর এইসব শেয়ার স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ব্লকে কিনে নেবে সামিট করপোরেশন।
তবে এক্ষেত্রে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার অর্জন, অধিগ্রহণ ও কর্তৃক গ্রহণ) বিধিমালা এর বিধি ৮ ও বিধি ১৩ এর বিধান পরিপালনের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।