লেবার ইন্সপেকশন ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন চালু
ডিজিটাল হচ্ছে দেশের শ্রম পরিদর্শন ব্যবস্থা

অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক
ডিজিটালাইজেশনের পথে একধাপ এগিয়ে গেল দেশের শ্রম পরিদর্শন ব্যবস্থা। গতকাল আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে লেবার ইন্সপেকশন ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন (লিমা)। রাজধানীর একটি হোটেলে অ্যাপ্লিকেশনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক। লিমা তৈরিতে সহযোগিতা করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ‘বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে কর্মপরিবেশ উন্নয়ন’ শীর্ষক কর্মসূচি। অর্থায়ন করেছে কানাডা, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্য।
আইএলওর দাবি, কেন্দ্রীয়ভাবে তথ্য সংগ্রহ ও ব্যবস্থাপনার মাধ্যমে শ্রম পরিদর্শন-সংক্রান্ত কাজে গতিশীলতা আনবে লিমা। মালিক ও শ্রমিকপক্ষের জন্য নির্দিষ্ট কিছু তথ্য প্রকাশ এবং অনলাইন সেবা, কারখানার লাইসেন্স প্রদান ও কর্মপরিবেশ-সংক্রান্ত অভিযোগ গ্রহণের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি পরিদর্শন ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করবে।
গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে শ্রম পরিদর্শনে ব্যবহারের জন্য আইএলওর দেয়া ২৫০টি অ্যান্ড্রয়েড ট্যাবলেট কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এ সময় শিল্প-কারখানা ও শ্রমিক সংগঠন এবং উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আইএলও জানিয়েছে, লিমা উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশের শ্রম পরিদর্শন ব্যবস্থার আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনের পথে বড় অগ্রগতি সাধিত হলো। অ্যাপ্লিকেশনটি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিশ্লেষণ ব্যবস্থাকে উন্নত করবে, যা সব শিল্পের মালিক ও শ্রমিকদের উপকারে আসবে।
অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক বলেন, লিমা চালু হওয়াটা বাংলাদেশের ডিজিটালাইজেশন যাত্রায় বড় এক পদক্ষেপ। প্রতিটি কর্মক্ষেত্র নিরাপদ করা ও শ্রম অধিকার রক্ষায় বাংলাদেশ দৃঢ় প্রতিজ্ঞ। লিমার প্রচলন তারই প্রমাণ দেয়।
ডিআইএফইর মহাপরিদর্শক মো. সামছুজ্জামান ভূইয়া নতুন সিস্টেমটির গুরুত্ব তুলে ধরে বলেন, লিমা কলকারখানা অধিদপ্তরের কাজে নতুন মাত্রা যোগ করবে। এর মাধ্যমে আমাদের কার্যক্রম আরো শক্তিশালী হবে, যা বিভিন্ন শিল্প খাতে কর্মরতদের কল্যাণ, সুরক্ষা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়ক হবে। এছাড়া অ্যাপ্লিকেশনটি বিভিন্ন ধরনের প্রতিবেদন তৈরিতেও সহায়তা করবে।
লিমা সিস্টেমে চারটি মডিউল রয়েছে। কলকারখানা/প্রতিষ্ঠান তথ্যভাণ্ডার মডিউলের মাধ্যমে অনলাইনে কারখানার লেআউট প্ল্যান অনুমোদন ও লাইসেন্সের জন্য আবেদন, লাইসেন্স নবায়ন এবং সংশোধন করা যাবে। শ্রম পরিদর্শন মডিউলের মাধ্যমে শ্রম পরিদর্শনের মাধ্যমে তথ্য লিমার কেন্দ্রীয় ডাটাবেজে জমা থাকবে, যা প্রতিবেদন তৈরি ও পরিদর্শন ব্যবস্থাপনা-সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের কাজে ব্যবহার করা হবে। পেশাগত স্বাস্থ্য ও সেফটি-বিষয়ক মডিউলের মাধ্যমে কর্মক্ষেত্রে দুর্ঘটনা, জখম ও রোগব্যাধি সম্পর্কিত তথ্য জানানো যাবে। লিমার অন্য মডিউলের মাধ্যমে পোশাক কারখানার নিরাপত্তা সংস্কার কাজের অগ্রগতি এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অভ্যন্তরীণ ব্যবস্থাপনাসংশ্লিষ্ট প্রয়োজনীয় তথ্য জানা যাবে।
লিমা সিস্টেমে একটি অভিযোগ বাক্স রয়েছে, যার মাধ্যমে শ্রমিক ও মালিকপক্ষ কর্মপরিবেশ সম্পর্কে ডিআইএফইর কাছে অভিযোগ দাখিল করতে পারবে। অনলাইনে http://lima.dife.gov.bd ওয়েবসাইট অথবা স্মার্টফোন অ্যাপের (http://bit.ly/2DSTRBI থেকে ডাউনলোড করা যাবে) মাধ্যমে অভিযোগ দাখিল ও তা সুরাহার অবস্থা জানা যাবে।