“সিএসআরের অর্থ ব্যয়ে ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ”

অর্থনীতির ৩০ দিন ডেস্ক:-
দেশে চলমান করোনা ভাইরাস সংকট মোকাবিলায় কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) কার্যক্রমের আওতায় বিশেষ সিএসআর কার্যক্রম পরিচালনা চালাতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ২০২০ সালের নিরিক্ষিত হিসাব বিবরণীর নিট মুনাফার ১ শতাংশ এবং ২০২১ সালের সিএসআরখাতের বাজেটে ইতোমধ্যে বরাদ্দকৃত অর্থের অতিরিক্ত হিসেবে বরাদ্দ করতে হবে।বরাদ্দকৃত অর্থের ৫০ শতাংশ গ্রামে ও ৫০ শতাংশ শহরে বিতরণ করতে হবে।
সোমবার (২৬ এপ্রিল) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এতে বলা হয়েছে, সম্প্রতি বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও করোনা সংক্রমণের হার পুনরায় বেড়েছে। করোনা সংক্রমণজনিত কারণে দারিদ্রহার বাড়ার ফলে বিপদগ্রস্ত, কর্মহীন দরিদ্র, ছিন্নমূল, দুঃস্থ, অসহায় জনগোষ্ঠীর নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী, স্বাস্থ্য সুরক্ষাসামগ্রীসহ চিকিৎসা ব্যয় নির্বাহ এবং কর্মহীন মানুষের জীবিকা নির্বাহে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা পরিপালনের উদ্দেশ্যে তফসিলি ব্যাংকগুলোর ২০২১ সালের সিএসআর বাজেটে অতিরিক্ত বরাদ্দের মাধ্যমে বিশেষ সিএসআর কার্যক্রম পরিচালনার আবশ্যকতা দেখা দিয়েছে। বিশেষ সিএসআর কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ব্যাংকগুলো ২০২০ সালের নিরীক্ষিত (হিসাব বিবরণী চূড়ান্ত না হওয়ার ক্ষেত্রে অনিরীক্ষিত) হিসাব অনুযায়ী যে পরিমাণ নিট মুনাফা অর্জন করেছে তার ১ (এক) শতাংশের সমপরিমাণ অর্থ ২০২১ সালের সিএসআরখাতের বাজেটে ইতোমধ্যে বরাদ্দকৃত অর্থের অতিরিক্ত হিসেবে বরাদ্দ করতে হবে। এক্ষেত্রে প্রয়োজনে স্ব স্ব পরিচালনা পর্ষদ থেকে ঘটনোত্তর অনুমোদন গ্রহণ করতে হবে। বরাদ্দকৃত অতিরিক্ত অর্থ ২০২১ সালের জুন মাসের মধ্যে ব্যয় করতে হবে। ঈঝজ খাতে বরাদ্দকৃত অতিরিক্ত অর্থ স্থানান্তর নিশ্চিত করে তা একই বছরের ১৫ মের মধ্যে বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টকে অবহিত করতে হবে। অতিরিক্ত বরাদ্দকৃত অর্থ ব্যাংকগুলো কর্তৃক ২০২২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত তিন বছরে সিএসআর খাতে বরাদ্দ/ব্যয়িত অর্থের সঙ্গে সমন্বয় করা যাবে।