অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
ইউয়ানের মূল্য সংশোধন এবং চীনা পুঁজিবাজারে প্রণোদনা দেয়া লক্ষ্য থাকলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে আগ বাড়িয়ে মুদ্রাযুদ্ধে জড়িয়ে পড়তে আগ্রহী নয় চীনা কেন্দ্রীয় ব্যাংক। চীনের কেন্দ্রীয় পিপলস ব্যাংক অব চায়না তাদের সাম্প্রতিক বিবৃতিতে জানিয়েছে, ইউয়ানের দৈনিক বিনিময় হার নির্ধারণে তারা তাদের মুদ্রানীতিতে কিছু সংশোধনী আনতে পারেন। তবে, এসকল পদক্ষেপ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোন মুদ্রাযুদ্ধের প্রস্তুতি নয়। এদিকে চীনের এমন ঘোষণার পরেই মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের প্রেসিডেন্ট জেরোম পাওয়েল গত শুক্রবার জানান, পরিস্থিতি বিবেচনা করেই ধীরগতিতে ধাপে ধাপে সুদের হার নির্ধারণ করতে আগ্রহী তার প্রতিষ্ঠান।
বিশ্বের বৃহৎ দুই অর্থনীতির কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এমন সাধুসুলভ বক্তব্যে স্বভাবতই সাময়িক স্বস্তি ফিরেছে এশিয়ার শেয়ার বাজারে। বিশেষ করে, চীনের নতুন মুদ্রানীতি ঘোষণার পরেই হংকং’য়ের হেংসেং পুজিবাজারের সূচক দিনের মধ্যভাগেই ২ দশমিক ৮ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়। এদিন বাজারটিতে সকল খাতের কোম্পানির শেয়ারের দরই উল্লফন করে, তবে সেবা খাতের শেয়ারের দর সর্বোচ্চ ৩ দশমিক ২১ শতাংশ বৃদ্ধি পায়।
এছাড়াও চীনের মূল ভূখ-ের সাংহাই কম্পোজিট বাজার সূচক ১ দশমিক ৮৯ শতাংশ বৃদ্ধি পায়। অন্যদিকে শেনজেন কম্পোজিটের মূল্য বৃদ্ধি পায় ২.৪১ শতাংশ। বিশেষজ্ঞদের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানায়, বাণিজ্য যুদ্ধের নেতিবাচক প্রভাব এড়িয়ে রপ্তানি বৃদ্ধি করতেই বিগত কয়েক মাসে নিজেদের মুদ্রা ইউয়ানের দুর্বল অবস্থান ধরে রাখে চীনা কেন্দ্রীয় ব্যাংক। তবে তারা সম্প্রতি ইউয়ানের মূল্য আংশিক বৃদ্ধি করতে সম্মত হয়েছে। ফলে, খুশি ওয়াশিংটন। মার্কিন গণমাধ্যম সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এশিয় পুঁজিবাজার গবেষক জিম ম্যাককাফার্টি জানান, মার্কিন যুক্তরাষ্ট্রকে বাণিজ্য ইস্যুতে নমনীয় করতে ইউয়ানের দর আংশিক বৃদ্ধি করবার সিদ্ধান্ত নিয়েছে চীনা কেন্দ্রীয় ব্যাংক।
রয়টার্স/সিএনবিসি












