ধনকুবেরের সংখ্যায় নিউইয়র্ককে ছাড়িয়ে গেলো হংকং

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
এতদিন বিশ্বের সর্বাধিক ধনকুবেরের বাস ছিলো যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক রাজধানী নিউইয়র্কে। সেদিক দিয়ে এবার শহরটিকে টেক্কা দিলো এশিয়ার শহর হংকং। সমাজতন্ত্রী চীনের পুঁজিবাদি এই শহরটিতেই এখন বসবাস করেন বিশ্বের সর্বাধিক ধনকুবের।
এই তথ্য জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান ওয়েলথ-এক্স। তাদের প্রকাশিত সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এই তথ্য। ২০১৭ সালে এশিয়ার অর্থনৈতিক কেন্দ্রটিতে অতি ধনীর সংখ্যা প্রায় এক তৃতীয়াংশ বৃদ্ধি পেয়েছে। হংকং-এ এখন এ ধরনের মানুষের সংখ্যা প্রায় ১০ হাজার। ২০১১ সালে ওয়েলথ-এক্স এই র‌্যাঙ্কিং প্রকাশ শুরু করলে প্রতিবারই শীর্ষে ছিলো নিউইয়র্ক। প্রতিষ্ঠানটি ৩ কোটি ডলারের বেশী সম্পদের মালিকদের ধনকুবের বলে চিহ্নিত করে থাকে।
গবেষণাপত্রটিতে বলা হয়েছে দ্রুত বর্ধনশীল পুঁজিবাজার এবং চীনা অর্থনীতির সাথে সম্পৃক্ততা থাকাতেই হংকং-এ বৃদ্ধি পাচ্ছে অতি ধনীদের সংখ্যা। গত কয়েক দশকে চীনা অর্থনীতির নাটকীয় ঊর্দ্ধগতি এই অঞ্চলে ধনীদের সংখ্যা বৃদ্ধিতে ভূমিকা রাখছে। হংকং এর গুরুত্বপূর্ণ বিলিওনিয়ারদের মধ্যে রয়েছেন লি কা-শিং এর মতো ধনী। তার চিউং কং বাণিজ্যিক সাম্রাজ্য বিশ্বজুড়ে বন্দর, টেলিযোগাযোগ নেটওয়ার্ক এবং জ্বালানী কোম্পানিগুলো নিয়ন্ত্রণ করে থাকে। মূল চীনের আর কোনো শহর ধনকুবের শহরের সেরা দশে নেই। হংকং এবং নিউইয়র্ক ছাড়াও এই তালিকায় আরো রয়েছে টোকিও, লস-অ্যাঞ্জেলস, প্যারিস এবং লন্ডন। সিএনএন