এজেন্ট ব্যাংকিং চালু করল ব্র্যাক ব্যাংক

প্রত্যন্ত অঞ্চলের মানুষকে ব্যাংকিং সেবা দিতে এজেন্ট ব্যাংকিং চালু করল বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক। গতকাল এজেন্ট ব্যাংকিংয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করে ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ বলেন, প্রতিটি গ্রামে সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এজেন্ট ব্যাংকিং চালু করা হলো। এ বছরের মধ্যে ৫০টি এজেন্ট নিয়োগ সম্পন্ন করা হবে। আগামী বছর ৫শ’ থেকে ৬শ’টিতে উন্নীত করা হবে। পর্যায়ক্রমে এজেন্ট সংখ্যা ৫ হাজার থেকে ৬ হাজারে নেওয়া হবে। এভাবে দেশের কোনো গ্রাম বাদ থাকবে না। তিনি বলেন, বাজারে থাকা বেশিরভাগ ব্যাংক এবং এজেন্ট মুনাফা করতে পারছে না। এ জন্য ব্র্যাক ব্যাংক এমন পদ্ধতিতে এজেন্ট ব্যাংকিং করবে, যেন ব্যাংক এবং এজেন্ট কম সময়ের মধ্যে লাভবান হতে পারে।
ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আর এফ হোসেন বলেন, প্রচলিত এজেন্ট ব্যাংকিংয়ের সঙ্গে ব্র্যাক ব্যাংকের তফাত হলো- এটি হবে সম্পূর্ণ ডিজিটাল। বায়োমেট্রিক যাচাইকরণ পদ্ধতিতে গ্রাহকরা কম খরচে সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা পেপারলেস ব্যাংকিং করার সুযোগ পাবেন। এ জন্য তিন মাসের মধ্যে একটি অ্যাপ চালু করা হবে। তিনি জানান, ব্র্যাক ব্যাংকের দীর্ঘদিনের প্রতিষ্ঠিত এসএমই নেটওয়ার্ককে কাজে লাগিয়ে দ্রুততম সময়ে এ সেবার প্রসার করা হবে। বিভিন্ন অঞ্চলে থাকা ব্র্যাক ব্যাংকের ৪৫৭টি এসএমই ইউনিটে এজেন্ট ব্যাংকিং সেবা চালু করা হবে। পাশাপাশি অন্যদেরও এজেন্ট নিয়োগ দেওয়া হবে। বিকাশের এজেন্টরাও এখানে এজেন্ট হতে পারবেন।