আইডিআরএ চেয়ারম্যানের সঙ্গে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার মতবিনিময়: বীমাখাতের সংস্কার ও উন্নয়নের প্রাধান্য

খোন্দকার জিল্লুর রহমান :
১৬ জুলাই ২০২৬ বৃহস্পতিবার বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)‘র কনফারেন্স হলে কর্তৃপক্ষ চেয়ারম্যানের সঙ্গে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় হয়, এতে বীমাখাতের সংস্কার ও সার্বিক উন্নয়নের বিষয় প্রাধান্য পায়।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন-এর ব্যবস্থাপনায় এবং সভাপতিত্বে দেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক প্রকাশক এবং সিনিয়র সাংবাদিকদের এক সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় কর্তৃপক্ষ চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন বীমা খাতের সুশাসন, বর্তমান হযবরল অবস্থা, চলমান সংস্কার কার্যক্রম, গ্রাহকসেবা, ডিজিটাল রূপান্তর এবং ভবিষ্যৎ উন্নয়ন ইত্যাদি বিষয় নিয়ে অতীতের ছেড়ে যাওয়া ৩/৪ জন চেয়ারম্যানের তুলনায় ধৈর্যসহকারে আন্তরিকতার সহিত বীমার সুক্ষ বিষয়বস্তু নিয়ে খোলামেলা আলোচনা করেন। একই সঙ্গে দীর্ঘদিনের অনিয়ম দূর করে বীমা খাতকে একটি টেকসই ও আন্তর্জাতিক মানের বীমাখাত হিসেবে রূপান্তরের লক্ষ্য নিয়ে ধারাবাহিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক মতবিনিময় সভায় অংশ নিয়ে আইডিআরএ চেয়ারম্যান বীমাখাতের উন্নয়নে সরকারের সহযোগিতায় বিভিন্ন উদ্যোগ, চলমান সংস্কার কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন এবং একই সঙ্গে উপস্থিত সাংবাদিকদের কাছ থেকে বাস্তবভিত্তিক ও গঠনমূলক পরামর্শ আহ্বান করে সমাধানের যথাযথ ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন। সভায় সাংবাদিকরা বীমা শিল্পকে আরও স্বচ্ছ, আধুনিকায়ন, জবাবদিহিমূলক ও জনবান্ধব করতে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে বীমা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং বীমাখাতের সার্বিক উন্নয়নে ধারাবাহিক সহযোগিতা অব্যাহত রাখারও প্রত্যয় ব্যক্ত করেন।

প্রায় ৬০ জন সিনিয়র সাংবাদিক মতবিনিময় সভায় অংশ নেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ আলোচনা পারস্পরিক আস্থা ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে উপস্থিত সবাই আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, মন্ত্রণালয় জানতে চেয়েছে বিদ্যমান আইন ও অধ্যাদেশে নতুন করে আর কি কি ধরনের সংস্কার প্রয়োজন, আইডিআরএ প্রয়োজনীয় সুপারিশ দেবে এবং সেই সুপারিশ অনুযায়ী আইন প্রনয়ন ও অধ্যাদেশগুলোর সংস্কার ও কার্যকর করার কারণেই বাস্তবায়ন সাময়িক স্থগিত রাখা হয়েছে।
বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন(বিআইএ) এবং আইডিআরএ’র যৌথ উদ্যোগে নেওয়া ০% কমিশন বাস্তবায়ন না হওয়া, জিডিপিতে ০.৪%এরও কম অংশিদারিত্ব, বীমা খাতে এমডি/সিইও সঙ্কট দুরিকরনে আইডিআরএ’র অনিহা এবং এমডি/সিইওদের দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগানোর জন্য আইডিআরএ’র সদস্যদের বয়সের সীমাবদ্ধতা উঠিয়ে দেয়ার মত এমডি/সিইওদের বয়সের সীমাবদ্ধতা উঠিয়ে দেয়ার মতামত নিয়েঅর্থনীতির ৩০ দিন পত্রিকার সম্পাদক প্রকাশক (খোন্দকার জিল্লুর রহমান)’র প্রশ্নের জবাবে চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন বলেন, জিডিপিতে অংশিদারিত্ব বাড়ানো চেষ্টা অব্যহত রেখে বর্তমানেও অতিরিক্ত কমিশন দেওয়ার যে প্রবণতা এখনো চলমান আছে, অনেক ক্ষেত্রে বেতন বা বিভিন্ন চুক্তির আড়ালেও কমিশন দেওয়া হচ্ছে, এ ধরনের গোপন কমিশনের প্রমাণ সংগ্রহ ও নিয়ন্ত্রণে আইডিআরএ কাজ করছে। আগামী এক মাসের মধ্যে এ বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আশা ব্যক্ত করেন এবং এমডি/সিইওদের বয়সের প্রতিবন্ধকতা নিয়ে মন্ত্রনালয়ে প্রস্তাব রাখার প্রত্যয় ব্যক্ত করে সংক্ষিপ্ত নোট রাখেন তিনি।
বীমা খাতের চ্যালেঞ্জ হিসেবে গ্রাহকের অনাস্থার এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, গ্রাহক আস্থা ফিরিয়ে আনতে সবচেয়ে জরুরি হলো দীর্ঘদিনের অপরিশোধ দাবি (ক্লেইম) দ্রুত পরিশোধ করা। বর্তমানে জীবন ও সাধারণ বীমা মিলিয়ে প্রায় ৭ হাজার কোটি টাকার বকেয়া দাবি রয়েছে। এর মধ্যে মাত্র সাতটি কোম্পানির কাছেই প্রায় ৪হাজার কোটি টাকার দাবি আটকে আছে। তাই প্রাথমিকভাবে সবচেয়ে সংকটাপন্ন সাতটি কোম্পানিকে অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করেছে আইডিআরএ। এছাড়া তিনি উল্লেখ করেন, এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ন্ত্রিত স্থানান্তরের ফলে অনেক সময় গ্রাহকরা অনিশ্চয়তা ও বিভ্রান্তির মধ্যে পড়েন। এ বিষয়ে গ্রাহকের স্বার্থ সুরক্ষায় একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের কাজ আমরা হাতে নিয়েছি।

বীমা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করতে কোম্পানির পরিচালনা পর্ষদের অনুমোদনের আগে আইডিআরএর নির্ধারিত যোগ্যতা ও যাচাই-বাছাইয়ের ভিত্তিতে একটি নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন বলে সাংবাদিকগন মতামত দেন এর পাশাপাশি যেসব বীমা কোম্পানির উদ্যোক্তা বা মালিকপক্ষ দীর্ঘদিন দেশে অবস্থান না করে কিংবা পরিচালনা পর্ষদের সভায় সরাসরি উপস্থিত না থেকে নিয়মিত ভার্চুয়ালি অংশ নেন, তাদের কার্যক্রমও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
চেয়ারম্যান মীর নাদিয়া নীভিন প্রস্তাবনাগুলো মনোযোগ সহকারে শোনেন এবং সকল বিষয়ে নোট লিপিবদ্ধ করে বিবেচনার আশ্বাস দেন। তিনি বলেন, বীমা খাতের টেকসই উন্নয়ন, গ্রাহকের আস্থা বৃদ্ধি এবং কার্যকর সুশাসন প্রতিষ্ঠায় সকল অংশীজনের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের সঙ্গে এই মতবিনিময় সভাকে বীমা খাতের সংস্কার ও উন্নয়নের পথে একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন খাতসংশ্লিষ্ট সকলে।
সবশেষে আইডিআরএ চেয়ারম্যানের হাতে সৌজন্য সংখ্যা হিসেবে অর্থনীতির ৩০ দিন এবং সময়ের অর্থনীতি পত্রিকার একটি করে সংখ্যা তুলে দেন।