
অর্থনীতির ৩০ দিন সংবাদ :
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নবনিযুক্ত চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন। দায়িত্ব গ্রহণের পর আইডিআরএ কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অনুষ্ঠিত এক পরিচিতি সভায় তিনি দেশের বীমা খাতের আধুনিকায়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং ঝুঁকি-ভিত্তিক তদারকি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় মীর নাদিয়া নিভিন বলেন, দেশের বীমা খাতকে আরও শক্তিশালী, স্বচ্ছ ও টেকসই ভিত্তির ওপর দাঁড় করাতে প্রচলিত পরিপালন-ভিত্তিক তদারকি ব্যবস্থা থেকে ধীরে ধীরে ঝুঁকি-ভিত্তিক তদারকি ব্যবস্থায় উত্তরণ প্রয়োজন। এর মাধ্যমে বীমা কোম্পানিগুলোর আর্থিক সক্ষমতা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং গ্রাহক স্বার্থ সুরক্ষার বিষয়গুলো আরও কার্যকরভাবে মূল্যায়ন ও পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
তিনি বলেন, “একটি প্রতিষ্ঠানের সার্বিক সফলতা এবং একটি খাতের দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য সুস্পষ্ট ও বাস্তবসম্মত ভিশন অপরিহার্য। সেই ভিশন বাস্তবায়নে নিয়ন্ত্রক সংস্থা, বীমা কোম্পানি এবং সংশ্লিষ্ট সকল অংশীজনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”
নতুন চেয়ারম্যান আরও বলেন, বীমা খাতের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি এবং শিল্পের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে দ্রুত ও কার্যকর দাবি নিষ্পত্তি, সুশাসন প্রতিষ্ঠা, আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা এবং আধুনিক নিয়ন্ত্রণ ও তদারকি কাঠামো গড়ে তোলার বিকল্প নেই। তিনি জানান, এসব লক্ষ্য অর্জনে আইডিআরএ আন্তর্জাতিক মানদণ্ডসম্মত এবং প্রযুক্তিনির্ভর নিয়ন্ত্রক কাঠামো উন্নয়নে কাজ করবে।
পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) সচিব নাজমা মোবারেক। এছাড়া এফআইডির অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুব, আইডিআরএর সদস্যবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন। আইডিআরএর সদস্য (প্রশাসন) মো. ফজলুল হক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।












