
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (CMSME) উদ্যোক্তাদের ব্যাবসা সম্প্রসারন ও উন্নয়নের জন্য সহজ শর্তে স্বল্প সুদে অর্থায়নের উদ্দেশ্যে এসএমই ফাউন্ডেশনের সঙ্গে দুইটি অংশগ্রহণ চুক্তি (MOU) স্বাক্ষর করেছে ঢাকা ব্যাংক পিএলসি। চুক্তিগুলো হলো জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (JICA) অর্থায়িত ফুড ভ্যালু চেইন ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (FVCIP) এবং এসএমই ফাউন্ডেশনের ক্রেডিট হোলসেলিং কর্মসূচি এর আওতায় পুনঃঅর্থায়ন কর্মসূচি।
চুক্তি অনুযায়ী, ঢাকা ব্যাংক দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (CMSME) উদ্যোক্তাদের স্বল্প সুদে অর্থায়ন সুবিধা প্রদান করবে। ফুড ভ্যালু চেইন ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (FVCIP)-এর আওতায় নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার সহ কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (CMSME) খাতের সকল উদ্যোক্তাদের ৯ শতাংশ সুদে অর্থায়ন প্রদান করা হবে। অন্যদিকে, ক্রেডিট হোলসেলিং কর্মসূচির আওতায় উৎপাদন ও সেবা খাতের মাইক্রো ও ক্ষুদ্র উদ্যোক্তারা ৮ শতাংশ সুদে চলতি মূলধন, ব্যবসায় সম্প্রসারন ও মূলধনী সম্পত্তি আমদানির উদ্দেশ্যে অর্থায়ন সুবিধা পাবেন।
গত ১৬ জুন ২০২৬ তারিখে ঢাকার একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান -এর সভাপতিত্বে শিল্প মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি খন্দকার আব্দুল মুক্তাদির –এর উপস্থিতিতে অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী এবং ঢাকা ব্যাংক পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শাহনেওয়াজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি বিনিময় করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন, ঢাকা ব্যাংক পিএলসি’র এমএসএমই ও ইমার্জিং বিজনেস বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুবুর রহমান পলাশ, অংশগ্রহণকারী ব্যাংকসমূহের ব্যবস্থাপনা পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, এসএমই ফাউন্ডেশন, আইএলও এবং বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ, উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মীরা।












