
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক বলেছেন, বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে জাতিসংঘ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। মহাসচিব আন্তোনিও গুতেরেস আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত শক্তি প্রয়োগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে চলমান আন্দোলনের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন। মহাসচিবের মুখপাত্র ডুজাররিক সোমবার এক ব্রিফিংয়ে এ কথা বলেন।
তিনি প্রথমে বাংলাদেশ প্রসঙ্গে একটি বিবৃতি পাঠ করেন এবং পরে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। বিবৃতিতে তিনি সব ধরনের সহিংসতার দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান এবং যারা দায়ী তাদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানান।
চলমান আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নির্যাতনের বিষয়ে ডুজাররিক বলেন, বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট সব পক্ষকে বর্তমান পরিস্থিতির স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানাচ্ছি। এছাড়া, শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার প্রতি জাতিসংঘের অটল সমর্থন পুনর্ব্যক্ত করছি। আমরা বাংলাদেশ জুড়ে টেলিযোগাযোগ পুনরুদ্ধারের বিষয়টি জানি এবং জনসাধারণের ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের নিরবচ্ছিন্ন ব্যবহারের সুযোগ দিতে আহ্বান জানাচ্ছি।












