ড. আবু তাহের সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আবু তাহের সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য নিযুক্ত হয়েছেন। সাউথইস্ট বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের সুপারিশক্রমে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে এ পদে চার বছরের জন্য নিয়োগ দিয়েছেন।
ড. তাহের বর্তমানে জীবন বীমা করপোরেশনের পরিচালক ও ন্যাশনাল ডিফেন্স কলেজের একাডেমিক অ্যাডভাইজর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান, ব্যবসায় প্রশাসন অনুষদের নির্বাচিত ডিন ও প্রেষণে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করেন।
দীর্ঘ ক্যারিয়ারে তিনি শিক্ষা ও গবেষণা-সংক্রান্ত কাজে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, অস্ট্রেলিয়া, ফিলিপাইন, কোরিয়াসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে তার ৬৫টির বেশি গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশ হয়েছে। এছাড়া তিনি আন্তর্জাতিক কনফারেন্সে ২৮টি পেপার উপস্থাপন করেছেন এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের আটটি বই লিখেছেন। তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার অর্থায়নে পরিচালিত প্রকল্পে পরিচালক, পরামর্শক ও এসপিএম হিসেবে কাজ করেছেন। —বিজ্ঞপ্তি