“১৩ লাইফ বীমার তদন্তে মন্ত্রণালয়”

খোন্দকার জিল্লুর রহমান:
২০১৩ ও ২০১৪ সালে অনুমোদন পাওয়া দেশের লাইফ বীমা খাতের ১৩টি লাইফ বীমা কোম্পানিতে তদন্ত করতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ(আইডিআরএ)’কে অর্থ মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে।২৪ জুলাই রোববার এ সংক্রান্ত একটি চিঠি বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ’কে পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
১৩টি লাইফ বীমা কোম্পানির মধ্যে রয়েছে- চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, বেস্ট লাইফ ইন্স্যুরেন্স, বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, স্বদেশ লাইফ ইন্স্যুরেন্স, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স, যমুনা লাইফ ইন্স্যুরেন্স, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স এবং মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।
অর্থ মন্ত্রণালয় সুত্রে যানা যায়, মাত্রাতিরিক্ত কমিশন প্রদান, অত্যাধিক প্রশাসনিক ব্যয়, অন্যান্য অনিয়ম ও দুর্নীতির কারণে কোম্পানিগুলোর আর্থিক অবস্থা ভালো অবস্থানে না থাকা। গ্রাহকের কাছ থেকে নেয়া প্রিমিয়ামের টাকার সিংহভাগ তারা ইতোমধ্যেই খরচ করে ফেলার কারনে গ্রাহকের দাবি পরিশোধে কালক্ষেপন, গ্রাহকের বীমা দাবি পরিশোধে বিভিন্ন অজুহাত দেখানোসহ সময়মত একত্রে অধিক গ্রাহকের দাবি পরিশোধ করা এদের অনেকের পক্ষেই দুরহ হবে মর্মে জানা যায়।
উপসচিব মো. জাহিদ হোসেনের স্বাক্ষর করা চিঠির মাধ্যমে উল্লেখিত ১৩ লাইফ বীমা কোম্পানি সময়মতো গ্রাহকের পাওনা পরিশোধে সক্ষমতার বিষয়ে উত্থাপিত অভিযোগের বিষয়সমূহ পৃথক পৃথকভাবে সরেজমিন তদন্ত পূর্বক এ বিষয়ে গৃহীত কার্যক্রম আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।