
অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
অবশেষে ডিজিটাইজেশনের মাধ্যমে বীমাগ্রহীতাদের অনাস্থা কাটানোর উদ্যোগ নিল বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) জাতীয় বীমানীতি-২০১৪ বাস্তবায়নের অংশ হিসেবে ইউনিফায়েড মেসেজিং প্লাটফর্ম (ইউএমপি) চালুর উদ্যোগ নিয়েছে সংস্থাটি। এর মধ্য দিয়ে নিয়ন্ত্রকদের তত্ত্বাবধানে বীমা গ্রাহকরা তাদের পলিসি ও প্রতিটি লেনদেনের হালনাগাদ তথ্য এসএমএসের মাধ্যমে তাত্ক্ষণিক পেয়ে যাবেন।
আইডিআরএর এ উদ্যোগ বীমা খাতে আরো উন্নত সেবা প্রদান, বীমা ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনয়ন, এজেন্ট কর্তৃক প্রিমিয়াম আহরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের মাধ্যমে বীমা কোম্পানির আর্থিক ভিত্তি সুদৃঢ় করতে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
আইডিআরএ বলছে, বীমা খাতের আধুনিকায়ন ও ডিজিটাইজেশনের অংশ হিসেবে কেন্দ্রীয় ব্যবস্থায় এসএমএসের মাধ্যমে নোটিফিকেশন পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য ইউএমপি নামে কেন্দ্রীয় সফটওয়্যার ব্যবস্থা চালু করছে আইডিআরএ। সেখানে প্রতিটি কোম্পানির জন্য আলাদা ইউএমপি পোর্টাল দেয়া হবে।
প্রাথমিকভাবে প্রতিটি বীমা কোম্পানির পলিসির তথ্য নির্দিষ্ট ফরমেটে ডিজিটালাইজ করা হবে। পাশাপাশি সেন্ট্রাল মেসেজিং ব্যবস্থার মাধ্যমে সব গ্রাহককে প্রিমিয়াম-সংক্রান্ত নোটিফিকেশন প্রদান করা হবে। শীর্ষ বীমা কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে এ বিষয়ে গত ২৮ জানুয়ারি বীমা কোম্পানিগুলোকে একটি নির্দেশনাপত্র দেয় আইডিআরএ।
এ প্রসঙ্গে আইডিআরএর সদস্য ড. এম মোশাররফ হোসেন জানিয়েছেন, ইউএমপির মাধ্যমে প্রত্যেক বীমা গ্রাহককে তাদের লেনদেনের এসএমএস দিয়ে অবগত করা হবে। ইউএমপি বাস্তবায়নের মাধ্যমে বীমা খাতে স্বচ্ছতা ও গ্রাহকের আস্থা অনেকাংশেই প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন, কেন্দ্রীয়ভাবে ওই ইউএমপি বাস্তবায়নের কারণে বীমা কোম্পানিগুলোকে পৃথকভাবে বিনিয়োগ করতে হবে না। প্রতিটি পলিসির বিপরীতে তিন মাস পর পর ৮ টাকা চার্জ দিয়েই নিয়ন্ত্রকদের কাছ থেকে এ গ্রাহকসেবা পাবে কোম্পানিগুলো।
কারিগরি অবকাঠামো স্থাপন ও সংশ্লিষ্ট সব প্রক্রিয়া সম্পাদনের জন্য আইডিআরএ তৃতীয় পক্ষের একটি পেশাদার প্রতিষ্ঠানকে দায়িত্ব দিচ্ছে, যারা বিনিয়োগ ও রক্ষণাবেক্ষণ ব্যয়ের বিপরীতে আইডিআরএ থেকে নির্দিষ্ট হারে ফি পাবে।
খাতসংশ্লিষ্টরা বলেছেন, ইউএমপি বাস্তবায়নের পর অসাধু এজেন্ট বা কোম্পানিগুলোর পক্ষে গ্রাহক হয়রানির সুযোগ কমে আসবে। কারণ বীমা খাতের সব লেনদেনের তথ্য আইডিআরএর কেন্দ্রীয় তথ্যভাণ্ডারে থাকবে, যা কোম্পানিগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা বহুলাংশে বাড়াবে। অন্যদিকে ইউএমপি নোটিফিকেশন ছাড়া সচেতন গ্রাহকরা কোনো কোম্পানি বা এজেন্টের সেবা নেবেন না।
আইডিআরএর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বিএম ইউসুফ বলেন, বর্তমানে আমাদের ইন্ডাস্ট্রিতে কিছু কোম্পানি নিজ উদ্যোগে গ্রাহকদের এসএমএসে নোটিফিকেশন দিচ্ছে। এটিই যদি খোদ নিয়ন্ত্রকদের নেটওয়ার্ক থেকে যায় তাহলে গ্রাহকের কাছে এর গ্রহণযোগ্যতা অনেক বেশি হবে। আইডিআরএর কাছেও কোম্পানিগুলোর সব আপডেট থাকবে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও গ্রাহক পর্যায়ে আস্থা প্রতিষ্ঠিত হলে দেশের বীমা খাত বহুগুণ সম্প্রসারিত হবে। কোম্পানিগুলোর ব্যবসাও অনেক বাড়বে।












