কবিতাঃ “ঋতুর রানী”

আজাহার খান

শরৎ মানে নীল আকাশ ছুয়ে ভেসে চলা সাদা মেঘের ভেলা,
এই রোদ এই বৃষ্টি আর আলো-ছায়ার লুকোচুরি খেলা।

শরৎ মানে নদীর তীরে কাশফুলের শুভ্র সাদা এলোকেশের দোলা,
বিলঝিলের স্বচ্ছ জলে তারার মতো ফুঁটে থাকা লাল-সাদা শাপলা।

শরৎ মানে প্রভাতের শিশিরভেজা শিউলি, দূর্বাঘাসে শিশিরের ফোঁটা,
মোহনীয় চাঁদনী রাত, আঁধার রাতে জোনাকির রুপালি আলোর ছটা।

শরৎ মানে সবুজের সমারোহ স্নিগ্ধ সতেজ মায়াবী নববধুর সাজ,
বাঁশবনে ডাহুকের কুহুকুহু, মেঘের প্রান্ত ছুঁয়ে উড়ে চলা পাখপাখালির ঝাঁক।

শরৎ মানে জ্যোৎস্নার ফুল, প্রাণ জুড়ানো ঘ্রানের রাশিরাশি শিউলি, পলাশ,
নরম শিমুল তুলোর মতো ছাতিম ফুল তুলে নিয়ে যাওয়া মৃদুমন্দ বাতাস।

শরৎ মানে বাউল- কবিমনে হাতছানি দেয় গীত,
সাহিত্যের সম্ভার,
ঋতুর রানী,অপরুপ সাজে উৎসব পার্বনের বিশাল এক ভান্ডার।