দ্বিতীয় পর্যায়ে পিএফআই হিসেবে তালিকাভুক্ত তিন ব্যাংক

আইপিএফএফ টু প্রকল্প
অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড ফিন্যান্সিং ফ্যাসিলিটি টু (আইপিএফএফ টু) প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে তিনটি বাণিজ্যিক ব্যাংক অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠান (পিএফআই) হিসেবে তালিকাভুক্ত হয়েছে। এগুলো হলো – ব্যাংক এশিয়া লিমিটেড, ব্র্যাক ব্যাংক লিমিটেড ও ট্রাস্ট ব্যাংক লিমিটেড। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে কেন্দ্রীয় ব্যাংক ও উল্লিখিত ব্যাংক তিনটির মধ্যে মাস্টার ফ্যাসিলিটি এগ্রিমেন্ট (এমএফএ) স্বাক্ষর হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক ও আইপিএফএফ টু প্রকল্পের উপপ্রকল্প পরিচালক রথীন কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্বব্যাংকের সিনিয়র ফিন্যান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট এ কে এম আব্দুল্লাহ, বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নির্বাচিত তিনটি ব্যাংকের প্রধান নির্বাহী ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এর আগে ৭ আগস্ট প্রথম পর্যায়ে আটটি ব্যাংক ও চারটি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের এমএফএ স্বাক্ষর হয়। আইপিএফএফ টু প্রকল্পের আওতায় সরকার অনুমোদিত ও বেসরকারি খাত কর্তৃক গৃহীত অবকাঠামো প্রকল্পে পিএফআই হিসেবে তালিকাভুক্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ৪০ কোটি ৩৭ লাখ ডলার সমপরিমাণ ৩ হাজার ১৭৭ কোটি ১২ লাখ টাকা দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করা হবে। এ প্রকল্পের আওতায় অর্থায়নযোগ্য খাতগুলো হলো— বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ; নবায়নযোগ্য জ্বালানি ও সেবা; বন্দর (স্থল, জল ও বিমান) নির্মাণ ও উন্নয়ন; শিল্প বর্জ্য ব্যবস্থাপনা; সড়ক-মহাসড়ক, ফ্লাইওভার ও এক্সপ্রেসওয়ে নির্মাণ; পানি সরবরাহ ও সুয়ারেজ ব্যবস্থাপনা; ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ও পার্ক উন্নয়ন প্রভৃতি।