
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
মানবাধিকার সংগঠন ‘অধিকার’ এর নিবন্ধন নবায়ন না করায় সরকারের কঠোর সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন।
গতকাল (শুক্রবার) সে তালিকায় যোগ হয় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ও (ওএইচসিএইচআর)।
শুক্রবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের মুখপাত্র রাভিনা শামদাসানি এ নিয়ে যে বিবৃতি দিয়েছেন তাকে সমর্থন করেছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস। এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অবস্থানও স্পষ্ট করেছে দূতাবাস।
জাতিসংঘ কর্তৃক উক্ত বিবৃতি প্রকাশের কিছুক্ষণ পর মার্কিন দূতাবাসের অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে মন্তব্য করা হয়, সুশীল সমাজের সংগঠনগুলো গণতন্ত্রকে শক্তিশালী করে। ওই টুইটে আরো লেখা হয়ঃ
“ওএইচসিএইচআর বলেছে যে, প্রত্যেকেরই মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতার সুরক্ষা ও সচেতনতা সৃষ্টির নিমিত্তে প্রচার ও প্রচেষ্টা চালাবার অধিকার রয়েছে। স্বাধীনভাবে এবং প্রতিশোধের ভয় ছাড়াই মানবাধিকারের প্রচার করতে মানুষকেও স্বাধীন হতে হবে।”
উল্লেখ্য, ওই টুইটের শেষে হ্যাশট্যাগ ব্যবহার করে “অধিকার” এর নাম লেখা হয়েছে।












