
অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডকে ৭০০ কোটি টাকার ফুললি রিডিমেবল নন-কনভার্টিবল মুদারাবা সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ৬৭৪তম কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়।
সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকটি সাত বছর মেয়াদে ৭০০ কোটি টাকার ফুললি রিডিমেবল, নন-কনভার্টিবল, মুদারাবা সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করবে। আনসিকিউরড এ বন্ড পুঁজিবাজারে তালিকাভুক্ত হবে না। বন্ডের অর্থে ব্যাংকটি টায়ার টু মূলধন শক্তিশালী করবে।
মেয়াদ শেষে পূর্ণ অবসায়নযোগ্য এ বন্ডের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, করপোরেট প্রতিষ্ঠান ও অন্যান্য যোগ্য বিনিয়োগকারীরা প্লেসমেন্টের মাধ্যমে এ বন্ড কিনতে পারবেন।
বন্ডের ট্রাস্টি গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি এবং ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স ইনভেস্টমেন্ট লিমিটেড।












