“হেমায়েত উল্লাহকে ফারইস্ট ইসলামী লাইফের সিইও থেকে অপসারণ”

হেমায়েত উল্লাহ-
অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :-
ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ হেমায়েত উল্লাহকে অপসারণ করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। বুধবার (১৫ সেপ্টেম্বর) আইডিআরএ ফারইস্ট লাইফের চেয়ারম্যান মুহাম্মদ রহমতউল্লাহকে চিঠি দিয়ে এ অপসারণের কথা জানায়। হেমায়েত উল্লাহকেও চিঠির অনুলিপি দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, কোম্পানি পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম, অব্যবস্থাপনা, আর্থিক অনিয়ম, বিমা পলিসি গ্রাহক ও বিমাকারীর স্বার্থের জন্য ক্ষতিকর কর্মকাণ্ডের তথ্য আইডিআরএর নজরে এসেছে। বিমা গ্রাহকদের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সব অনিয়মের তথ্য–প্রমাণ আইডিআরএর কাছে আছে।বলা হয়েছে, হেমায়েত উল্লাহর বিরুদ্ধে জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন করে তা নিজ ভোগ দখলে রেখে এবং মিথ্যা তথ্য দিয়ে সম্পদ বিবরণী দাখিলের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে। তার বিদেশ গমনেও নিষেধাজ্ঞা রয়েছে। চিঠিতে বলা হয়েছে তার দায়িত্ব পালনকালীন সংঘটিত কোনও ধরনের অনিয়ম ভবিষ্যতে উদঘাটিত হলে, সে দায়ও তার ওপর বর্তাবে। এখন সিইওর অব্যবহিত নিচের পদের কেউ ফারইস্ট লাইফে সিইওর দায়িত্ব পালন করবেন। আর তিন মাসের মধ্যে কোম্পানিটির নিয়মিত সিইও নিয়োগ দেবে পরিচালনা পর্ষদ। এদিকে ১ সেপ্টেম্বর ফারইস্ট ইসলামী লাইফের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন ১০ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সেদিন সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, বিনিয়োগকারী, পলিসি গ্রাহক ও সামগ্রিক পুঁজিবাজার রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, কোম্পানিটির সদ্য অপসারিত চেয়ারম্যান মো. নজরুল ইসলামের দুর্নীতির অন্যতম সহযোগী হিসেবে বিবেচনা করা হয় হেমায়েত উল্লাহকে।