খোন্দকার জিল্লুর রহমান :
ফারুক আহমেদ কুমিল্লার নতুন পুলিশ সুপার। কুমিল্লায় যোগদানের পুর্বে তিনি মৌলভীবাজার জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। ২ জানুয়ারি (শনিবার) সকালে যোগদান করে বিকেলে মতবিনিময় সভা করেন কুমিল্লা জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আজিম উল আহসানের সঞ্চালনায় অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সজিব খানসহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে স্বাগত বক্তব্য এবং কেক কাটার মাধ্যমে সাংবাদিকদের নিয়ে নতুন বছরের সুচনা করেন তিনি। এরপর কুমিল্লায় কোন বিষয়কে গুরুত্ব দিয়ে কাজ করা উচিত, সাংবাদিকদের কাছে তা জানতে চান তিনি।
সংবাদিকদের আলোচনায় বিশেষ করে করোনাকালে কুমিল্লায় মাদকের বিস্তার ব্যাপক হারে বাড়ায় নবাগত পুলিশ সুপার বলেন, আমি মাদকের সঙ্গে জড়িতদের বলতে চাই- ‘হয় মাদক ছাড়ো, না হয় কুমিল্লা ছাড়ো’। বিট পুলিশিং নিয়ে বলেন- ‘বিট পুলিশিংয়ের জোয়ারে, পুলিশ সুপার যাবে আপনার দুয়ারে।
তিনি বলেন, পুলিশের সকল প্রকার অনিয়ম দুর্নীতি বন্ধ করা হবে। বদলী জনিত বিষয়ে অর্থ লেনদেন কোনভাবেই বরদাশত করা হবে না। আমাদের কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে সেটাও দেখা হবে। সকল প্রকার জনহয়রানি বন্ধ করা হবে। তিনি কুমিল্লা জেলা পুলিশকে আরো বন্ধুসুলব, মানবিক এবং পেশাদার হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার পদে যোগ দিতে সকালে কুমিল্লা পুলিশ সুপারের পদ থেকে বিদায় নেন সৈয়দ নুরুল ইসলাম।












