
অর্থনীতির ৩০ দির ডেস্ক :
জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি দেশের ৫১তম, বর্তমান সরকারের ২৩তম এবং অর্থমন্ত্রী হিসেবে মুস্তফা কামালের চতুর্থ বাজেট। এর আগে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং এম সাইফুর রহমান ১২ বার জাতীয় বাজেট পেশ করেন।
অর্থ মন্ত্রণালয়ের তথ্যঅনুযায়ি, ১৯৭২ থেকে ২০২১ সাল পর্যন্ত যেসব অর্থমন্ত্রী বাজেট পেশ করেছেন তারা হলেন-
তাজউদ্দীন আহমেদ ১৯৭২-৭৩, ১৯৭৩-৭৪ ও ১৯৭৪-৭৫, ড. আজিজুর রহমান ১৯৭৫-৭৬, মেজর জেনারেল জিয়াউর রহমান ১৯৭৬-১৯৭৭, ১৯৭৭-৭৮ ও ১৯৭৮-৭৯, ড. এম এন হুদা ১৯৭৯-৮০, এম. সাইফুর রহমান ১৯৮০-৮১ ও ১৯৮১-৮২ ও ১৯৯১-৯২, ১৯৯২-৯৩, ১৯৯৩-৯৪, ১৯৯৪-৯৫, ১৯৯৫-৯৬ পর্যন্ত ৫ বার এবং ২০০২-০৩,২০০৩-০৪,২০০৪-০৫, ২০০৫-০৬,২০০৬-০৭ অর্থবছরে বাজেট পেশ করেন। এছাড়া এম সায়েদুজ্জামান ১৯৮৪-৮৫, ১৯৮৫-৮৬, ১৯৮৬-৮৭ ও ১৯৮৭-৮৮, মেজর জেনারেল এম এ মুনিম ১৯৮৮-৮৯ ও ১৯৯০-৯১, ড. ওয়াহিদুল হক ১৯৮৯-৯০,শাহ্ এএমএস কিবরিয়া ১৯৯৬-৯৭, ১৯৯৭-৯৮, ১৯৯৮-৯৯, ১৯৯৯-২০০০,২০০০-০১ ও ২০০১-০২ এবং ড. এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম ২০০৭-০৮ ও ২০০৮-০৯ অর্থবছরে বাজেট ঘোষণা করেন।আবুল মাল আবদুল মুহিত ২০০৯-১০ অর্থবছর থেকে ২০১৮-১৯ অর্থবছর পর্যন্ত একটানা ১০ বার বাজেট পেশ করেন। এর আগে তিনি ১৯৮২-৮৩ ও ১৯৮৩-৮৪ দুই অর্থবছরে বাজেট পেশ করেছিলেন।
বর্তমান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০১৯-২০ অর্থবছরে প্রথম এরপর তিনি ২০২০-২১ এবং ২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণা করেন। আগামী অর্থবছরের বাজেট হবে তার দেওয়া চতুর্থ বাজেট।
দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিয়ে ২০২২-২৩ অর্থবছরের বাজেট সাজিয়েছেন অর্থমন্ত্রী। ‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’ শিরোনামের এবারের বাজেটটি প্রস্তুত হয়েছে সরকারের অতীতের অর্জন এবং উদ্ভূত বর্তমান পরিস্থিতির সমন্বয়ে। দেশের ৫১ তম এবং আওয়ামী লীগ সরকারের ২৩তম বাজেটে সংগত কারণেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কৃষিখাত, স্বাস্থ্য, মানবসম্পদ, কর্মসংস্থান ও শিক্ষাসহ বেশ কিছু খাতকে।
আজ বিকেল ৩টায় টানা চতুর্থবারের মতো সংসদে বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। করোনার ধাক্কা সামলে উন্নয়নের ধারাবাহিকতায় ফেরার লক্ষ্যমাত্রা নিয়ে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট উপস্থাপন করা হবে।
বাজেটকে অধিকতর অংশগ্রহণমূলক করার লক্ষ্যে অর্থ বিভাগের ওয়েবসাইট-এ বাজেটের সব তথ্যাদি ও গুরুত্বপূর্ণ দলিল আপলোড করা হবে। সেখান থেকে যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এসব দলিল পাঠ ও ডাউনলোড করতে পারবে।
এছাড়া দেশ-বিদেশ থেকে এই ওয়েবসাইটের মাধ্যমে ফিডব্যাক ফরম পূরণ করে বাজেট সম্পর্কে মতামত ও সুপারিশ পাঠানো যাবে। এখানে প্রাপ্ত সব মতামত ও সুপারিশ পরবর্তীতে বিবেচনা করা হবে।
জাতীয় সংসদ কর্তৃক বাজেট অনুমোদনের সময় ও পরে তা কার্যকর করা হবে। জনসাধারণের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে নিম্নলিখিত সরকারি ওয়েবসাইট লিংকের ঠিকানাগুলোতেও বাজেট সংক্রান্ত বিস্তারিত সব তথ্য পাওয়া যাবে- https://nbr.gov.bd; https://plandiv.gov.bd; https://imed.gov.bd; https://www.dpp.gov.bd; https://pmo.gov.bd










