২০১৭ সালে সাধারণ বীমার নিট আয় ৩১৫ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক :
রাষ্ট্রায়ত্ত পুনর্বীমা জায়ান্ট সাধারণ বীমা করপোরেশন (এসবিসি) ২০১৭ সালে নিট ৩১৪ কোটি ৮২ লাখ ৯৫ হাজার ২৫৮ টাকা আয় করেছে, যা বীমাসংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ। ৯৩ কোটি টাকা আয়কর দেয়ার পর প্রতিষ্ঠানের করপরবর্তী মুনাফা দাঁড়ায় ২২২ কোটি টাকা।
এসবিসি কর্মকর্তারা জানিয়েছেন, ২০১৭ সালে প্রিমিয়াম ও অন্যান্য উৎস থেকে এসবিসি প্রায় ৫২৩ কোটি টাকা আয় করে। এর মধ্যে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া একটি কারখানার বীমাদাবির বিপরীতে সর্বোচ্চ ১৯৬ কোটি টাকা পরিশোধ করা হয়। নেপালে উড়োজাহাজ দুর্ঘটনার বিপরীতে স্থানীয় ইউএস-বাংলা এয়ারলাইনসকেও ক্ষতিপূরণ দেয় এসবিসি। সব ধরনের বীমাদাবি পরিশোধের পর প্রায় ৩১৫ কোটি টাকা নিট আয় ধরে রাখতে সক্ষম হয় প্রতিষ্ঠানটি। নিট এ আয়ের মধ্যে ১৩১ কোটি টাকা এসেছে পুনর্বীমা ব্যবসা থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ১০১ কোটি টাকা এসেছে নৌ-বীমা থেকে। অগ্নিবীমা থেকে এসেছে ৪০ কোটি টাকা। বাকি টাকা এসেছে অন্যান্য খাত থেকে।
২০১৭ সালের আগের বছরের তুলনায় প্রায় দেড়শ কোটি টাকার বেশি বীমাদাবি পরিশোধ করে এসবিসি। এ বছর আয়কর হিসেবে সরকারি কোষাগারে তারা দিচ্ছে ৯২ কোটি ৮১ লাখ ৪৭ হাজার ৭৪২ টাকা, যা ২০১৬ সালে ছিল ৮৬ কোটি টাকার কম। অন্যদিকে ভ্যাট বাবদ সরকারকে ২০১৭ সালে সাড়ে ৬৪ কোটি এবং লভ্যাংশ বাবদ ৪০ কোটি টাকা দিয়েছে এসবিসি।