সাউথইস্ট ব্যাংকের ২৩তম এজিএমে ১৫% স্টক লভ্যাংশ অনুমোদন

পর্ষদ চেয়ারম্যান আলমগীর কবির এফসিএর সভাপতিত্বে গতকাল রাজধানীর অফিসার্স ক্লাবে সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ২৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্য এজেন্ডার পাশাপাশি ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ১৫ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেছেন পুঁজিবাজারে তালিকাভুক্ত বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটির শেয়ারহোল্ডাররা। স্বাগত বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক এম কামাল ব্যাংকের ব্যবসায়িক অবস্থা, দক্ষতা ও বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, সাউথইস্ট ব্যাংক গত হিসাব বছরে ৯০৬ কোটি টাকা পরিচালন মুনাফা অর্জন করেছে। ব্যাংকের মোট সম্পদ ৩৩ হাজার ৯২৮ কোটি টাকা ছাড়িয়েছে। ব্যাংকের উচ্চ প্রবৃদ্ধির প্রশংসা করে এ সময় শেয়ারহোল্ডারদের সুচিন্তিত পরামর্শগুলো বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন পর্ষদ চেয়ারম্যান। এজিএমে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সদস্যরা ছাড়াও শীর্ষস্থানীয় অনেক কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি