সৈয়দ সাজেদুল করিম সাউথইস্ট ব্যাংকের স্বতন্ত্র পরিচালক

বাংলাদেশ সরকারের সাবেক সচিব সৈয়দ সাজেদুল করিম সম্প্রতি সাউথইস্ট ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগদান করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী সাজেদুল করিম যুক্তরাষ্ট্রের ডালাসের নর্থ টেক্সাস ও সাউদার্ন মেথোডিস্ট বিশ্ববিদ্যালয় থেকে পেট্রোলিয়াম অ্যাকাউন্টিংয়ের ওপর ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন।
বাংলাদেশ সিভিল সার্ভিস (হিসাব ও নিরীক্ষা) ক্যাডারের একজন কর্মকর্তা হিসেবে তিনি দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি পেট্রোবাংলার চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তার পাশাপাশি নিউইয়র্কে জাতিসংঘ উন্নয়ন সংস্থার সদর দপ্তরসহ ইথিওপিয়া ও ক্যামেরুনভিত্তিক জাতিসংঘ সংস্থায় বহির্নিরীক্ষক হিসেবেও কাজ করেন। তিনি দুই বছরের বেশি সময় সিসিলিজ সরকারের নিরীক্ষা উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশের রাষ্ট্রীয় বাণিজ্যিক ব্যাংকগুলোর যুক্তরাজ্যভিত্তিক বিভিন্ন শাখার কার্যক্রম পরিদর্শনের জন্য গঠিত একটি টিমে নেতৃত্ব প্রদান করেন।
সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর সাজেদুল করিম সরকারের দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উন্নয়ন সহযোগী কর্তৃক অর্থায়নকৃত বেশকিছু প্রশাসনিক ও আর্থিক সংস্কার প্রকল্পের ঊর্ধ্বতন জাতীয় উপদেষ্টা হিসেবে কাজ করেন। বিজ্ঞপ্তি