
অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
দেশ সংস্কারের বিপ্লব কোন ভাবেই বেহাত হতে দেয়া যাবে না। সংবিধান ও রাষ্ট্র কাঠামোর সংস্কার ছাড়া ছাত্র-জনতার এ বিশাল আত্মত্যাগ অর্থহীন হয়ে যাবে। সংবিধানের মৌলিক সংশোধন ছাড়া সুশাসন প্রতিষ্ঠা, রাষ্ট্র কাঠামোর সংস্কার, ইনসাফ প্রতিষ্ঠিত হবে না। এর জন্য সময় দরকার, অভিজ্ঞ ও বিশেষজ্ঞদের অন্তর্বর্তীকালীন সরকারে অন্তর্ভুক্ত করার দরকার। সংবিধান ও রাষ্ট্র কাঠামোতে মৌলিক ও সময়োপযোগী পরিবর্তন না হলে ভবিষ্যতে আরও ভয়ঙ্কর স্বৈরাচার ও ফ্যাসিবাদ উত্থানের সম্ভাবনাকে জিইয়ে রাখবে। তাই যৌক্তিক কারণেই বাংলাদেশ মুসলিম লীগ প্রয়োজনীয় সংস্কার ছাড়া তড়িঘড়ি নির্বাচনকে সমর্থন করবে না। রাষ্ট্র কাঠামো সংস্কারের মতোই ততোধিক গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে প্রতিবেশী দেশের অন্যায় প্রভাব বিস্তার। প্রতিবেশী রাষ্ট্রের আগ্রাসন মোকাবেলায় জাতিকে সজাগ ও প্রস্তুতি গ্রহণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে পতিত ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনা সরকারের ভারতের সাথে করা সকল গোপন চুক্তি প্রকাশের জোর দাবী জানাচ্ছে মুসলিম লীগ। এছাড়া একটি কমিশন গঠন করে ভারতের সাথে করা সকল চুক্তি পর্যালোচনা পূর্বক দেশের স্বার্থ পরিপন্থী চুক্তিসমূহ স্থগিত বা বাতিল করার দাবী জানিয়েছেন নেতৃবৃন্দ।
সভায় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আইনজীবী এ্যাড. মহসীন রশিদ মুসলিম জাতিসত্তার আদর্শে আস্থা স্থাপন করে মুসলিম লীগে যোগদান করেন। তিনি তার বক্তব্যে বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য প্রথমেই সংবিধান বাতিল করতে হবে, নতুন সংবিধানে রাষ্ট্রপতি ও সংসদের মধ্যে ক্ষমতার ভারসাম্য আনতে হবে। তিনি আরো বলেন, অবিলম্বে বাংলাদেশ মুসলিম লীগের পক্ষ থেকে রাষ্ট্র কাঠামো সংস্কারের একটি পূর্ণাঙ্গ রূপরেখা জাতিকে জানানো হবে।
আজ বিকাল ৩.০০টায় বাংলাদেশে মুসলিম লীগের ৪৮তম পুনর্গঠন দিবস উপলক্ষ্যে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ মুসলিম লীগের উদ্যোগে আয়োজিত “সংবিধান ও রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারের করণীয়” শীর্ষক এক আলোচনা সভায় নেতৃবৃন্দ উপরোক্ত মন্তব্য করেন। দলীয় নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরো বক্তব্য রাখেন, মুসলিম লীগ মহাসচিব কাজী আবুল খায়ের, প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, বিশিষ্ট রাজনীতিবিদ ব্যারিস্টার এম সারোয়ার হোসেন, সাংবাদিক মোস্তফা কামাল, বিআরপি সভাপতি ড. এ.আর খান, দলের কেন্দ্রীয় নেতা আতিকুল ইসলাম, আনোয়ার হোসেন আবুড়ী, নজরুল ইসলাম, সৈয়দ আব্দুল হান্নান নূর, আকবর হোসেন পাঠান, কাজী এ.এ কাফী, খান আসাদ, শেখ এ সবুর, দফতর সম্পাদক খোন্দকার জিল্লুর রহমান, ইঞ্জি. ওসমান গনী, মাহবুবুর রহমান ভূঁইয়া, প্রমুখ।












