পদ্মা লাইফের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল, ২০১৮-জুন,২০১৮) তহবিলের পরিমাণ ৫৬ লাখ ৩০ হাজার টাকা কমে দাঁড়িয়েছে ১০৬ কোটি ৩১ লাখ টাকায়; যা আগের বছর একই সময়ে ৫ কোটি ৩৭ লাখ ৪০ হাজার টাকা কমেছে। হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) তহবিল ২২ কোটি ৫১ লাখ ৬০ হাজার টাকা কমে দাঁড়ায় ১০৬ কোটি ৩১ লাখ টাকা; যা আগের বছর একই সময় কমেছে ১৯ কোটি ৬৬ লাখ ৪০ হাজার টাকা।
এদিকে প্রথম প্রান্তিকে কোম্পানিটির (জানুয়ারি-মার্চ) তহবিল ২১ কোটি ৯৫ লাখ ২০ হাজার টাকা কমে দাঁড়িয়েছে ১০৬ কোটি ৮৭ লাখ ৪০ হাজার টাকায়; যা আগের বছর একই সময় কমেছে ১৪ কোটি ২৮ লাখ ৯০ হাজার টাকা।
ডিএসইতে সোমবার পদ্মা লাইফ শেয়ারের সর্বশেষ দর ১৬ দশমিক শূন্য ৬ শতাংশ বা ৪ টাকা ৪০ পয়সা কমে দাঁড়ায় ২৩ টাকায়। সমাপনী দর ছিল ২২ টাকা ৯০ পয়সা, যা আগের কার্যদিবসে ছিল ২৭ টাকা ৪০ পয়সা।
জানা যায়, ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ দিতে ব্যর্থ হয়েছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। এ কারণে জীবন বীমা খাতের কোম্পানিটিকে ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করেছে ডিএসই কর্তৃপক্ষ। আগামী ২৭ সেপ্টেম্বর বাংলামোটরে অবস্থিত কোম্পানিটির প্রধান কার্যালয় পদ্মা টাওয়ারে বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়েছে। সর্বশেষ ২০১৬ সালে ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল পদ্মা লাইফ।