আইডিআরএ’র কার্যকর ভূমিকা
অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
গত ৮ মাসে প্রায় ৩ হাজার ৩শ’ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করেছে দেশের বীমাখাত। বীমা দাবি বিষয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র কঠোর অবস্থান, কার্যকর পদক্ষেপ এবং সুষ্পষ্ট নির্দেশনার কারণে বীমা কোম্পানিগুলো দাবি পরিশোধে এগিয়ে এসেছে। আইডিআরএ’কে সম্পৃক্ত করে দেশের বিভিন্ন স্থানে বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠানও করছে বীমা কোম্পানিগুলো।
কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারীর বক্তব্যে এমন তথ্য উঠে এসেছে। সম্প্রতি আইডিআরএ কার্যালয়ে নন-লাইফ বীমা কোম্পানি গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কর্তৃক যমুনা গ্রুপের বীমা দাবির প্রায় ৩৮ কোটি টাকার চেক হস্তান্তর উপলক্ষ্যে তিনি এসব কথা বলেন।
এই চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশেন (বিআইএ)’র প্রেসিডেন্ট শেখ কবির হোসেন, আইডিআরএ’র সদস্য বোরহান উদ্দিন আহমেদ, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের উপদেষ্টা নাসির এ চৌধুরী, কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফারজানা চৌধুরী, যমুনা গ্রুপের মহাব্যবস্থাপক (বাণিজ্য) এবিএম সামছুল হাসানসহ অন্য ব্যক্তিবর্গ।
জানা যায়, ২০১৭ সালের সেপ্টেম্বরে আইডিআরএ’র চেয়ারম্যান হিসেবে মো. শফিকুর রহমান পাটোয়ারী এবং অন্যান্য সদস্য যোগদানের মধ্য দিয়ে দীর্ঘ দিনের স্থবিরতা কাটিয়ে সক্রিয় হয়ে ওঠে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। একইসঙ্গে বীমাখাতের উন্নয়নে সরকারের নির্দেশনা ও তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ কর্তৃপক্ষকে আরো গতিশীল করে তোলে।
নতুন নেতৃত্বে উন্নয়ন ও প্রশাসনিক উভয় কর্মকাণ্ডেই সক্রিয় হয়ে ওঠে আইডিআরএ। প্রবিধানমালার খসড়া প্রণয়ন ও মতামত গ্রহণ, কর্তৃপক্ষে নতুন জনবল নিয়োগ, কোম্পানি প্রধানদের সঙ্গে নিয়মিত বৈঠক ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, বীমা মেলা ও উন্নয়ন মেলা আয়োজনসহ বীমাখাতের উন্নয়নে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আইডিআরএ।
বীমাখাতে জনআস্থা ফেরাতে দ্রুত দাবি পরিশোধে উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। নির্দেশনা বাস্তবায়নে আনুষ্ঠানিক দাবি পরিশোধের আয়োজন করে বীমা কোম্পানিগুলো। এসব অনুষ্ঠানে অংশ নেন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান, সদস্য ও পরিচালকরা। উদ্যোগ গ্রহণের মাত্র আড়াই মাসেই শত কোটি টাকার দাবি পরিশোধ করে কোম্পানিগুলো।












