শ্রমিকদের চক্ষুসেবা নিশ্চিতে কাজ করছে প্যাসিফিক জিন্স

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
নিজেদের কারখানায় কর্মরত ২৬ হাজার পোশাক শ্রমিকের চোখের চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ শুরু করেছে ডেনিম পণ্য উৎপাদনকারী প্যাসিফিক জিন্স গ্রুপ। চিকিৎসা সংক্রান্ত পুরো কার্যক্রমটি সমন্বয় করবে অস্ট্রেলিয়াভিত্তিক এনজিও দ্য ফ্রেড হলোস ফাউন্ডেশন।
চট্টগ্রাম ইপিজেডে অবস্থিত প্যাসিফিক জিন্স গ্রুপের করপোরেট অফিসের হলরুমে এ বিষয়ে উভয় পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। প্যাসিফিক জিন্সের পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর ও ফ্রেড হলোস ফাউন্ডেশনের কান্ট্রি ম্যানেজার ড. জেরিন খায়ের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্মারকে স্বাক্ষর করেন। প্যাসিফিক জিন্সের জিএম নূরুল হুদা, ডিজিএম (সাসটেইনেবিলিটি) আনোয়ারুল ইসলাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
প্যাসিফিক জিন্স গ্রুপের পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর বলেন, শ্রমিকরাই আমাদের সম্পদ। শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে যা যা করণীয়, আমরা তার সবকিছুই করতে প্রস্তুত। এরই মধ্যে কর্মীদের চোখের স্বাস্থ্যসেবায় যেসব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, কর্মক্ষেত্রে তার ইতিবাচক প্রভাব লক্ষণীয়।