
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
দেশব্যাপী সিএমএসএমই ক্লাস্টার এবং এমএসএমই খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংক কর্তৃক গৃহীত দুটি পুনঃঅর্থায়ন স্কিমে চুক্তি স্বাক্ষর করেছে ঢাকা ব্যাংক পিএলসি। পুনঃঅর্থায়ন স্কিমসমূহের আওতায় বাংলাদেশ ব্যাংক সিএমএসএমই ক্লাস্টার উন্নয়নের লক্ষ্যে ৩,০০০ কোটি টাকার এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই) খাতের বিকাশে ১,৫০০ কোটি টাকার তহবিল গঠন করেছে। এসব স্কিমের আওতায় উদ্যোক্তারা ৭% সুদ হারে অর্থায়ন সুবিধা গ্রহণ করতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এবং প্রধান অতিথি জনাব নুরুন্ নাহারের উপস্থিতিতে, বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি-র পরিচালক জনাব নওশাদ মুস্তফা এবং ঢাকা ব্যাংক পিএলসি-র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব এ কে এম শাহনাওয়াজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি বিনিময় করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব হুসনা আরা শিখা, ঢাকা ব্যাংকের ইভিপি, এমএসএমই বিভাগের প্রধান জনাব মোঃ মাহবুবুর রহমান পলাশ। এছাড়া উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।











