ইউআইইউ শিক্ষকের এডুকেশন লিডারশিপ অ্যাওয়ার্ড ২০১৮ অর্জন

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সেন্টার ফর এনার্জি রিসার্চের প্রতিষ্ঠাতা পরিচালক শাহরিয়ার আহমেদ চৌধুরী ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেসের সবচেয়ে সম্মানজনক পুরস্কার এডুকেশনাল লিডারশিপ অ্যাওয়ার্ড ২০১৮ অর্জন করেছেন। নবায়নযোগ্য জ্বালানির ওপর শিক্ষা, গবেষণা ও শিক্ষকতায় অবদান রাখায় ৫ ও ৬ জুলাই মুম্বাইয়ে অনুষ্ঠিত সপ্তম ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেসে এ পুরস্কার দেয়া হয়।
শাহরিয়ার আহমেদ চৌধুরী ১৯৯৭ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি প্রায় এক দশক বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই অথরিটিতে (ডেসা) প্ল্যানিং ও ডিজাইন নিয়ে কাজ করেন। পরবর্তীতে জার্মানির ইউনিভার্সিটি অব ওল্ডেনবার্গ থেকে নবায়নযোগ্য শক্তি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
শাহরিয়ার আহমেদ চৌধুরীর ‘পিয়ার-টু-পিয়ার স্মার্ট ভিলেজ গ্রিড’ শীর্ষক একটি গবেষণা প্রকল্প ২০১৬ সালে মরক্কোয় জাতিসংঘের ২২তম জলবায়ু সম্মেলনে ‘ইউএন মোমেন্টাম ফর চেঞ্জ’ অ্যাওয়ার্ড ও জার্মানির মিউনিখে ‘ইন্টারসোলার অ্যাওয়ার্ড ২০১৬’ জিতে নেয়। ‘স্মার্ট সোলার ইরিগেশন সিস্টেম’ শীর্ষক তার আরো একটি গবেষণা প্রকল্প বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের ‘অদম্য বাংলাদেশ-২০১৬’ পুরস্কার লাভ করে। দেশের প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সরবরাহের জন্য ২৮টির বেশি সোলার-ডিজেল হাইব্রিড মিনিগ্রিডের নকশা করেছেন তিনি। বিজ্ঞপ্তি